সিরাজগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
পিপি জানান, ২০২১ সালে ১৯০ গ্রাম হেরোইনসহ মিজানুরকে গ্রেপ্তার করে র্যাব।
সিরাজগঞ্জে মাদক বহনের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা দেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রহমান জানান।
দণ্ডিত মিজানুর রহমান (৪৪) নওগাঁর পোরশা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে পিপি আব্দুর রহমান বলেন, ২০২১ সালের ১৯ জুন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার রাধানগর এলাকায় যানবাহন তল্লাশি করে র্যাব-১২ এর একটি দল।
ওই সময় বগুড়া থেকে নগরবাড়িগামী একটি লোকাল বাস থেকে মিজানুর রহমানকে আটক করা হয়। এরপর তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ১৯০ গ্রাম হেরোইন উদ্ধার করে র্যাব।
আইনজীবী বলেন, ওই দিনই র্যাব-১২ এর ডিএডি ছামিউল ইসলাম বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা করেন। বিচার কাজ শেষ করে আদালত এ রায় দেয়।
রায়ে আদালত আসামি মিজানুরকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
