গাইবান্ধায় বাসের ধাক্কায় বাইক আরোহী বাবা-ছেলে নিহত
পরিবারের সঙ্গে ঈদ করতে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন মেহেদী।
গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার সকালে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের উপজেলার মাঠেরহাট বাজারে এ ঘটনা ঘটে বলে পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা জানান।
নিহতরা হলেন সাদুল্লাপুর উপজেলার খোর্দকোমরপুর ইউনিয়নের জানিপুর গ্রামের আতোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান নয়ন (৪২) ও তার ছেলে নাহিদ (৮)। মেহেদী চক ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
পলাশবাড়ী থানার এসআই দেওয়ান মো. রেজাউল করিম জানান, মেহেদী হাসান গাইবান্ধা শহরে ভাড়া বাসায় থাকেন। পরিবারের সঙ্গে ঈদ করতে সকালে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।
“মাঠেরহাট বাজারে পৌঁছালে গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাবা ও ছেলে সড়কে ছিটকে পড়ে যায়।”
এসআই রেজাউল আরও জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মেহেদী হাসান মারা যান।
আহত নাহিদের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়; সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে সে মারা যায় বলে জানায় পুলিশ।
এ ঘটনায় মামলা হয়েছে জানিয়ে পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা বলেন, দুর্ঘটনা পর চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।
