কক্সবাজারে রেললাইন পর্যবেক্ষণ করা ট্রেনে কাটা পড়ে কৃষক নিহত
চট্টগ্রামের দিক থেকে আসা লাইটার ট্রেনের ইঞ্জিন বগি রেললাইন পর্যবেক্ষণ করে কক্সবাজার যাচ্ছিল।
কক্সবাজারে রেললাইন পর্যবেক্ষণ করা ‘লাইটার ট্রেনে’র ইঞ্জিন বগিতে কাটা পড়ে এক কৃষক নিহত হয়েছেন।
বুধবার ভোরে ঢাকা-কক্সবাজার রুটের ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ঈদগাঁও থানার ওসি শুভরঞ্জন চাকমা।
নিহত আব্দুস সালাম (৪০) উপজেলার ইসলামপুর ইউনিয়নের জুমছড়ি এলাকার খেছু মিয়ার ছেলে। পেশায় কৃষক সালাম কাজের উদ্দ্যেশে ঈদগাঁও এসেছিলেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের বরাতে ওসি শুভরঞ্জন বলেন, ভোর রাতে চট্টগ্রামের দিক থেকে আসা একটি লাইটার ট্রেনের ইঞ্জিন বগি রেললাইন পর্যবেক্ষণ করে কক্সবাজার যাচ্ছিল।
“এসময় নাপিতখালী এলাকায় ঘন কুয়াশায় রেললাইন পার হওয়া এক ব্যক্তি কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।”
পরে খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ এবং রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে বলে জানান ওসি।
ওসি শুভরঞ্জন আরও জানান, নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রেলওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
