১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় ফুফু-ভাতিজা হত্যা: স্বামী-স্ত্রী ও পালিত কন্যা গ্রেপ্তার

মামলায় বলা হয়েছে, সোমবার খালেদা আক্তার ও তার ভাতিজা মনজুরুল আলম তুতুর ওপর হামলা চালান আবু মিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 10:35 PM

Updated : 16 Sep 2026, 10:35 PM

কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ফুফু ও ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- প্রধান আসামি মোস্তাক আহমেদ আবু মিয়া, আবু মিয়ার স্ত্রী হনুফা বেগম ও পালিত কন্যা ইতি।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, দীর্ঘদিনের জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় খালেদা আক্তার ও তার ভাতিজা মনজুরুল আলম তুতুর ওপর হামলা চালান আবু মিয়া। একপর্যায়ে ধারালো দা দিয়ে কুপিয়ে তাদের হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতদের স্বজন বাদী হয়ে মুরাদনগর থানায় হত্যা মামলা করেন।

মামলার পর মঙ্গলবার দুপুরে কুমিল্লা নগরীর বাদশা মিয়া বাজার এলাকা থেকে হনুফা বেগম ও ইতিকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন এলাকায় একটি ট্রেন থেকে মামলার মূল আসামি মোস্তাক আহমেদ আবু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কর্মকর্তা লুৎফর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।