বাবার মৃত্যুর ৩ মাস পর সৎ মায়ের বিরুদ্ধে হত্যা মামলা ছেলের
মামলায় বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ আনা হয়।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাবার মৃত্যুর প্রায় ৩ মাস পর সৎ মাসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন ছেলে।
কোটালীপাড়া থানার এসআই মাসুম বলেন, “গত রোববার আদালতে মো. শামছুদ্দিন খানের দায়ের করা মামলার কপিটি হাতে পেয়ে তদন্ত শুরু করেছি। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে প্রতিবেদন আদালতে পাঠানো হবে।”
মামলার নথি থেকে জানা যায়, উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের কালারবাড়ি গ্রামের এলেন উদ্দিন খান (৯৫) তার দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে ইব্রাহিম খান (২৫) ও ইস্রাফিল খানের (২৩) নামে দুই একর ৪৫ শতাংশ জমি লিখে দেন। গত ১৩ জানুয়ারি এলেন উদ্দিন মারা যান। এর পরই প্রথম স্ত্রীর পাঁচ সন্তানের সঙ্গে দ্বিতীয় স্ত্রীর দুই ছেলের বিরোধ দেখা দেয়।
এলেনের মৃত্যুর প্রায় তিন মাস পর বাবাকে হত্যার অভিযোগে গত রোববার কোটালীপাড়া আমলী আদালতে মামলা করেন প্রথম স্ত্রীর মেঝো ছেলে মো. শামছুদ্দিন খান (৫৯)। এতে তার সৎ মা ও দুই সৎ ভাইসহ পাঁচজনকে আসামি করা হয়।
আদালত মামলাটি আমলে নিয়ে কোটালীপাড়া থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেয়।
মামলার বাদী বলেন, “আমার সৎ মায়ের পরামর্শে দুই সৎভাই আমার বৃদ্ধ বাবাকে ভুল বুঝাইয়া গোপনে ২ একর ৪৫ শতাংশ জমি লিখে নেয়। এরপর তারা আমার পিতার নামে থাকা অবশিষ্ট জমি লিখে নিতে চাইলে আমার পিতা রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে আমার সৎ মা ও সৎ দুই ভাই মিলে আমার পিতাকে শ্বাসরোধে হত্যা করে। এই কাজে এলাকার ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন খান ও জনৈক ফিরোজ সিকদার সহযোগিতা করেছেন বলে আমরা জানতে পেরেছি। পুলিশের তদন্তে সঠিক ঘটনা বেরিয়ে আসবে বলে আমাদের বিশ্বাস।”
এ বিষয়ে জানতে চাওয়া হলে ইস্রারাফিল খান বলেন, “আমার পিতা দীর্ঘদিন অসুস্থ অবস্থায় ছিলেন। এ সময় তার প্রথম পক্ষের সন্তানেরা কোনো প্রকার তার সেবা-যত্ন করেনি। তিনি আমাদের সেবাযত্নে খুশি হয়ে দুই ভাইয়ের নামে ২ একর ৪৫ শতাংশ জমি লিখে দিয়েছেন। এখন আমাদের সৎ ভাইয়েরা এই জমি তাদের লিখে দিতে বলেন। আমরা লিখে না দেওয়ায় তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন। তারা আমাদের প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছেন। এ বিষয়ে আমরা আদালতে একটি মামলা দায়ের করেছি।”
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন খান বলেন, “এলেন উদ্দিন খানের মৃত্যুর পর তার দুই পক্ষের সন্তানদের মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। আমি এলাকার লোকজন নিয়ে একাধিক বার এই বিরোধ মিমাংসার চেষ্টা করেছি। কিন্তু কোনো পক্ষই স্থানীয় সালিস বৈঠকের সিদ্ধান্ত মেনে নেয়নি। দুপক্ষই আদালতে মামলা করেছে। এরই মধ্যে প্রথম পক্ষ আমাকে আসামি করেছে। ওই জমি লিখে দেওয়ার কথা শুনেছি। তবে জমি লিখে দেওয়ার সময় আমি ছিলাম না।”
