২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অনলাইন জুয়ার দেনা শোধ করতে ব্যবসায়ীকে অপহরণ’, গ্রেপ্তার ৩

পুলিশ জানায়, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হবে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2023, 10:08 PM

Updated : 01 Feb 2024, 07:48 PM

খাগড়াছড়িতে এক কাঠ ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে; যারা অনলাইন জুয়ার দেনা শোধ করতেই অপহরণের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা পুলিশের।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান, অভিযান চালিয়ে চট্টগ্রাম ও খাগড়াছড়ি থেকে বুধবার সন্ধ্যায় ওই তিনজনকে গ্রেপ্তার করেন তারা। এ ঘটনায় মামলা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হবে।

গ্রেপ্তাররা হলেন- ধনঞ্জয় চাকমা, সন্ধ্যা চাকমা, মিঞধন চাকমা। তাদের মধ্যে ধনঞ্জয়ের বাড়ি খাগড়াছড়ির দীঘিনালায় ও বাকিরদের রাঙামাটি জেলায়।

পুলিশ সুপার বলেন, গত ৯ নভেম্বর দীঘিনালার নয় মাইল এলাকায় একটি কাঠ বাগান দেখতে গিয়ে নিখোঁজ হন কাঠ ব্যবসায়ী রাসেল। এরপর থেকে রাসেলের কোনো হদিস না মেলায় তার পরিবারের লোকজন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এর মধ্যেই পুলিশ তদন্ত শুরু করলে প্রাথমিকভাবে তিনজনের জড়িত থাকার প্রমাণ মেলে। গোপন তথ্যে সন্ধ্যা ও মিঞধন চাকমাকে চট্টগ্রাম থেকে এবং ধনঞ্জয় চাকমাকে দীঘিনালা থেকে গ্রেপ্তার করা হয়। পরে রাসেলের ছোট ভাই জহুরুল ইসলাম বাদী হয়ে রাতেই মামলা দায়ের করেন।

ওই তিনজন অনলাইন জুয়ার টাকার দেনা শোধ করতেই রাসেলকে অপহরণ করেছে বলে ধারণা করা হচ্ছে বলে পুলিশ সুপার জানান।

তিনি বলেন, “রাসেলকে এখনও পাওয়া যায়নি। তাকে উদ্ধারে অভিযান চলছে।”

এদিকে রাসেল নিখোঁজ হওয়ার পর থেকে তাকে উদ্ধারে জেলা শহরে কয়েক দফায় বিক্ষোভ করেছে এলাকাবাসী।