২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ডাকাতি করতে গিয়ে খুন: দুই ভাইসহ ৩ জনের প্রাণদণ্ড

একই মামলার অন্য একটি ধারায় দোষীদের ১০ বছর করে কারাদণ্ডের পাশাপাশি আরও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2023, 04:31 PM

Updated : 19 Jun 2023, 04:31 PM

জয়পুরহাটে ডাকাতি করতে গিয়ে খুনের ঘটনায় দুই ভাইসহ তিনজনের প্রাণদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে জয়পুরহাট দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আব্বাস উদ্দিন এ রায় ঘোষণা করেন বলে ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান।

প্রাণদণ্ড ছাড়াও দোষীদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই মামলার অন্য একটি ধারায় তাদের ১০ বছর করে কারাদণ্ডের পাশাপাশি আরও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন: সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের ইয়ারব হোসেন ওরফে জাফু, তার ভাই আমিনুল ইসলাম রিয়াদুল ও পাঁচবিবি উপজেলার তেলীহার গ্রামের লুৎফর রহমান। আসামিরা সবাই পলাতক।

মামলার নথির বরাত দিয়ে আইনজীবী নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর রাতে একটি ডাকাত দল সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমানের ঘরে ঢুকে।

ডাকাতরা মজিবরকে ছুরিকাঘাত করে ঘরে থাকা প্রায় ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

পরে প্রতিবেশীরা মজিবরকে গুরুতর অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার দুদিন পর নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন।