ঘন কুয়াশা: সাড়ে ৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলল ফেরি
ঘন কুয়াশার কারণে শনিবার রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
ঘন কুয়াশায় সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয় বলে জানান বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ।
এর আগে ঘন কুয়াশার কারণে শনিবার রাত ১টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
শাহ মো. খালেদ নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘন কুয়াশায় কারণে শনিবার দিবাগত রাত ১টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি এই রুটে চলাচল বন্ধ রাখা হয়। সে সময় মাঝ নদীতে আটকা পড়ে চারটি ফেরি। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় অর্ধশত যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়ে চালক ও যাত্রীরা। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এ রুটে ছোট-বড় মিলে ১৭টি ফেরি রয়েছে।
চলাচল স্বাভাবিক হলে মাঝ নদীতে আটকে থাকা ফেরিগুলো ঘাটে ভিড়ে বলে জানান বিআইডব্লিউটিসি’র এ কর্মকর্তা।
