নিম্নতম মজুরির গেজেট: মালিকদের স্বার্থ দেখা হয়েছে, অভিযোগ চা শ্রমিক নেতাদের
ফিলনে টি কোম্পানির সিইও বলেন, “মালিক-শ্রমিক উভয়ের বিষয় চিন্তা করে বাৎসরিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে।”
নিম্নতম মজুরি বোর্ডের গেজেটে বাগান মালিকদের স্বার্থ দেখা হয়েছে বলে অভিযোগ করেছেন চা শ্রমিক নেতারা। তারা এটি পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সংগঠনের নেতারা।
১০ অগাস্ট নিম্নতম মজুরি বোর্ড চা শ্রমিকদের মজুরি নিয়ে গেজেট প্রকাশ করে। বোর্ড গঠনের সময় চা শ্রমিকদের প্রতিনিধি হিসেবে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরি কমিটিতে ছিলেন। কিন্তু তার কোনো প্রস্তাব আমলে নেওয়া হয়নি এ অভিযোগে তিনি সেখান থেকে পদত্যাগ করেন। পরে প্রতিনিধি হিসেবে কমিটিতে যুক্ত হন সংগঠনের সহসভাপতি পংকজ কন্দ। একটি সভায় অংশ নেওয়ার পর তিনিও পদত্যাগ করেন।
এই অবস্থায় কোনো শ্রমিক প্রতিনিধি ছাড়াই নিম্নতম মজুরি বোর্ড ‘ক’ শ্রেণির বাগানের জন্য চা-শ্রমিকের দৈনিক মজুরি ১৭০ টাকা, ‘খ’ শ্রেণির জন্য ১৬৯ টাকা ও ‘গ’ শ্রেণির জন্য ১৬৮ টাকা নির্ধারণ করে। পাশাপাশি প্রতি বছর শ্রমিকদের বেতন পাঁচ শতাংশ বাড়ানোর কথা বলা হয়েছে।
বেতনের এ ধরনের গেজেট শ্রমিক স্বার্থ পরিপন্থি বলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল।
সংগঠনের কোষাধ্যক্ষ পরেশ কালিন্দি বলেন, “বেতন বৃদ্ধির জন্য প্রতি দুই বছর পর পর যে মালিক-শ্রমিক চুক্তি হত সেই চুক্তির বিষয়টি উঠিয়ে দিয়ে বার্ষিক পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে। ১৭০ টাকা মজুরিতে বার্ষিক বৃদ্ধি পাবে মাত্র আট থেকে সাড়ে আট টাকা। এই বাজারে শ্রমিকদের পক্ষে এতে মানিয়ে নেওয়া সম্ভব না।”
বালিশিরা ভ্যালির চা শ্রমিক নেতা বিজয় হাজরা বিষয়টি পুনর্বিবেচনার আবেদন জানিয়ে বলেন, “নাহলে আগের মত দুই বছর পর পর মালিক-শ্রমিক মিলে সমঝোতার মাধ্যমে চুক্তি হোক। এটা নাহলে শ্রমিকদের আন্দোলনে নামা ছাড়া গতি থাকবে না।”
শ্রমিক নেতা পংকজ কন্দ বলেন, “বলা হয়েছিল, শ্রমিকদের কথা শোনা হবে। কিন্তু আমার কোনো প্রস্তাব তো তারা মানেননি। তাই আমি পদত্যাগ করেছি।”
গেজেট প্রত্যাহার করে নিম্নতম মজুরি পুনর্বিবেচনার দাবিতে রোববার প্রত্যেক ভ্যালিতে কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকদের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হবে।
এ ব্যাপারে জানতে চাইলে মজুরি বোর্ডে মালিক পক্ষের সদস্য ফিলনে টি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাহছিন আহমদ চৌধুরী বলেন, “মালিক-শ্রমিক উভয়ের বিষয় চিন্তা করে বাৎসরিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে। এতে দুই বছর পর পর মজুরি বৃদ্ধির জন্য মালিক পক্ষ ও চা শ্রমিক ইউনিয়নের মধ্যে যে সমঝোতা চুক্তি চলতো তার অবসান হবে।”
