টাঙ্গাইলে প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে ২ বাইক আরোহী নিহত
একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিকে থেকে আসা প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেলটির।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কালিহাতী-বল্লা সড়কের কামার্থী এলাকায় এ ঘটনা ঘটে বলে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান।
নিহতরা হলেন- উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের বীরবাসিন্দা গ্রামের দেলোয়ারের ছেলে জাকির (২৮) এবং ওই গ্রামের আরফান আলীর ছেলে আসাদুজ্জামান (২০)।
স্থানীয়দের বরাতে ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, কালিহাতী-বল্লা সড়কে চারান এলাকা থেকে মোটরসাইকেলটি কালিহাতী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। এরপর মোটরসাইকেলটি কামার্থী এলাকায় পৌঁছলে একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিকে থেকে আসা প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়।
এ সময় মোটরসাইকেলের নিচে পড়ে চালক জাকিরের মৃত্যু হয়। বাইক আরোহী আসাদুজ্জামান গুরুত্বর আহত হলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানকার চিকিৎসক আসাদুজ্জামানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
