গোপালগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কারের ২ আরোহী নিহত
এতে আহত হয়েছেন বাসের অন্তত ২০ যাত্রী।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী।
বুধবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার শিবগাতি স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলালউদ্দিন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১২টার দিকে ঢাকাগামী দোলা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে এবং বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেট কারের দুই আরোহী নিহত হন। এ ছাড়া আহত হয়েছেন বাস ও প্রাইভেট কারের অন্তত ২০ যাত্রী।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
