বাইসাইকেলে ধাক্কা দিয়ে ছিটকে পড়ে নিহত
দুর্ঘটনার পর আহত অবস্থায় হাপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়পুরহাটের কালাই উপজেলায় বাইসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়ে ছিটকে পড়ে এক মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে। আহত হয়েছেন আরও দুজন।
শনিবার রাত ৮টায় কালাই পৌর শহরের ব্র্যাক অফিসের সামনে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কালাই থানার ওসি এস এম মঈনুদ্দিন জানান।
নিহত মাহফুজার রহমান কালাইয়ের পুনট ইউনিয়নের মাদাই গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।
আহতরা হলেন-নিহতের ভাগ্নে মোটর সাইকেল আরোহী আরিফুল ইসলাম (২৫) ও বাইসাইকেল চালক থুপসাড়া এলাকার মুকুল হোসেন (৫০)। তাদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, মাহফুজার রহমান তার ভাগ্নেকে নিয়ে মোটরসাইকেলে করে পুনট থেকে কালাই উপজেলা শহরে যাচ্ছিলেন। পথে তিনি একটি বাইসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেন।
এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর ছিটকে পড়লে গুরুতর আহত হন তিনজন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মাহফুজারকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
