১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আরিচা-কাজিরহাট নৌরুটে ১২ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় কাজিরহাট থেকে আরিচা আসার পথে ফেরি রুহুল আমিন এবং সুফিয়া কামাল যমুনা নদীর মাঝে নোঙর করে থাকতে বাধ্য হয়।

আরিচা-কাজিরহাট নৌরুটে ১২ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2023, 12:51 PM

Updated : 24 Dec 2023, 12:51 PM

ঘন কুয়াশার কারণে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার সকাল পৌনে ১১টা থেকে এ নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক অফিসের ডিজিএম শাহ মুহাম্মদ খালেদ নেওয়াজ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘন কুয়াশার কারণে শনিবার রাত ৯টার পর থেকেই আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল।

“রাত ১১টার পর থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়।”

কুয়াশা কেটে গেলে রোববার সকাল পৌনে ১১টা থেকে পুনরায় ফেরি চলাচল চালু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টা থেকে রোববার বেলা পৌনে ১১টা পর্যন্ত আরিচা-কাজিরহাট ফেরি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ ছিল।

এ সময় ঘন কুয়াশায় নৌপথ দৃষ্টিসীমার বাহিরে চলে গেলে কাজিরহাট থেকে আরিচা আসার পথে ফেরি রুহুল আমিন এবং সুফিয়া কামাল যমুনা নদীর মাঝে নোঙর করে থাকতে বাধ্য হয়।

পরে ফেরি চলাচল শুরু হলেও বেলা সাড়ে ১২টা পর্যন্ত সেগুলো ঘাটে ফিরেনি বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি কর্মকর্তারা।