নির্বাচনিবিধি লঙ্ঘন: নওগাঁয় খাদ্যমন্ত্রীকে শোকজ
খাদ্যমন্ত্রীকে ১৭ ডিসেম্বর সাপাহার জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে সশরীরে উপস্থিত থেকে শোকজের জবাব দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে নওগাঁ-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
সোমবার দুপুরে নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জয়পুরহাটের সহকারী জজ ইফতেখার শাহরিয়ার এ নোটিশ পাঠান বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান।
নোটিশে বলা হয়েছে, গত ৪ ডিসেম্বর বিকাল ৩টার দিকে পোরশা উপজেলার সারাইগাছী প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশের আয়োজন করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে খালেকুজ্জামান নামের এক ব্যক্তি অভিযোগ করেন অনুসন্ধান কমিটির কাছে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধান কমিটি অভিযোগকারীর সাক্ষ্যগ্রহণ করে। অভিযোগের প্রাথমিক সত্যতা থাকায় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদারকে রোববার বিকাল ৩টায় সাপাহার জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে সশরীরে উপস্থিত থেকে শোকজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান বলেন, আচরণবিধি ভঙ্গের অভিযোগে নওগাঁ-১ আসনের নৌকার প্রার্থী সাধন চন্দ্র মজুমদারকে ওই আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটি সোমবার কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে।
তিনি আরও বলেন, “অনুসন্ধান কমিটি শোকজের অনুলিপি আমাকেও পাঠিয়েছে।”
একেবারে তৃণমূল থেকে উঠে আসা সাধন চন্দ্র মজুমদার ১৯৮৪ সালে হাজিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
পরে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। পরে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে জয়ী হয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হন।
এরপর দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জয়ী হন তিনি। আর ২০১৯ সালে তিনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান। এবার দ্বাদশ সংসদ নির্বাচনেও তার ওপরেই আস্থা রেখেছে আওয়ামী লীগ।
