বিস্ফোরক আইনে মামলা: ময়মনসিংহে বিএনপির ১৪৫ জন আসামি
পুলিশ বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৪৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
অবরোধের মধ্যে গাড়ি ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণের ঘটনায় ময়মনসিংহে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিএনপির ১৪৫ নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১০টার দিকে এসআই তাইজুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন বলে কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ জানান।
মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে এক নম্বর এবং ময়মনসিংহ মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দকে দুই নম্বর আসামি করে ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১২০ জনকে।
বুধবার ওসি শাহ কামাল আকন্দ বলেন, এই মামলায় এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, নগরীর পাটগুদাম ঢাকা রেললাইনের পূর্বপাশে বিআরটিসি বাস কাউন্টারের সামনে রাস্তায় গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ ঘটনাস্থল থেকে চারটি হাতবোমার বিস্ফোরিত অংশ, যানবাহনের ২৫টি গ্লাসের ভাঙা টুকরা ও ৩৪টি ইটের টুকরা জব্দ করে।
এদিকে, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত পুলিশ জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৪৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
এর মধ্যে কোতোয়ালি থানায় ১৬, ত্রিশালে ৯, মুক্তাগাছা ৪, নান্দাইলে ৪, ঈশ্বরগঞ্জে ৩, ভালুকায় ৩, ধোবাউড়ায় ৩, গফরগাঁওয়ে ১, গৌরীপুরে ১, ফুলবাড়িয়ায় ১ ও ফুলপুরে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মফিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তারাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।
তিনি বলেন, মঙ্গলবার মধ্যরাতে কাকনী ইউনিয়নের তালদীঘি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ১ সেপ্টেম্বর পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে তারাকান্দা থানায় করা মামলায় তিনি আসামি ছিলেন।
মফিদুল ইসলাম উপজেলার রনকান্দা গ্রামের বাসিন্দা মৃত গুঞ্জর আলীর ছেলে।
