২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে সীমান্ত সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে সেনাপ্রধান

তিন পার্বত্য জেলার সীমান্তে ধাপে ধাপে ১০৩৬ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ করা হবে।

পাহাড়ে সীমান্ত সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ রাঙামাটির রাজস্থলী উপজেলার দুর্গম এলাকায় সীমান্ত সড়ক কাজ পরিদর্শন করেন।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2023, 08:43 PM

Updated : 31 Jan 2023, 03:44 PM

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা নিয়ে নির্মিত সীমান্ত সড়কের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সোমবার দুপুরে সেনাপ্রধান রাঙামাটির রাজস্থলী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী জুরাছড়ি উপজেলার দুর্গম দুমদুম্যা ইউনিয়নের সাইচাল আর্মি ক্যাম্প এলাকায় প্রকল্পটির কাজ পরিদর্শন করেন।

সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনস্থ ১৬, ২০ এবং এডহক ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন প্রকল্পটি বাস্তবায়ন করছে।

পরিদর্শনকালে সেনাপ্রধান বলেন, “দেশের উন্নয়নে অনেকগুলো কাজ আমরা করছি, যার মধ্যে অন্যতম সীমান্ত সড়ক নির্মাণ। এই সড়ক নির্মাণের কাজে কতটুকু অগ্রগতি হয়েছে সেটি সরেজমিনে দেখার জন্য। কাজের অগ্রগতি দেখে আমি যথেষ্ট খুশি। কাজ যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা আশা করছি, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজের গুণগত মান ঠিক রেখে কাজ শেষ হবে।”

তিনি আরও বলেন, “মোবাইল নেটওয়ার্ক না থাকায় এই অঞ্চলে কাজ করা কঠিন। এই কঠিন কাজটি সেনাবাহিনী সদস্যরা কতটা কষ্ট করে করছে আপনারাই দেখেছেন। একই সঙ্গে এই কাজের সঙ্গে জড়িত সদস্যদের মনোবল বাড়াতেও আমার এই সফর।“

রাজস্থলি থেকে দুমদুম্যা যাওয়ার পথে দেখা যায়, পাহাড়ে বুক চিড়ে এঁকেবেকে চলে গেছে সড়ক। এই চলার পথে রয়েছে শুধুই পাহাড় আর পাহাড়; কোথাও ছোট্ট পাহাড়ি গ্রাম। এক্সাভেটর মেশিনে কাটা হচ্ছে মাটি। কোথাও কঠিন শিলা ভাঙছে হাইড্রোলিক হেমার। কোথাও রোলারে চাপা হচ্ছে মাটি। কোথাও চলছে কার্পেটিং।

নির্মাণাধীন এই সড়ক যুক্ত করেছে বিলাইছড়ির দুর্গম ফারুয়া, জুরাছড়ির দুমদুম্যাকে। প্রথম পর্যায়ের অনুমোদিত ৩১৭ কিলোমিটার সড়কের মধ্যে নির্মাণ কাজ শেষ হয়েছে ৯৫ কিলোমিটারের। চলমান রয়েছে ১৩২ কিলোমিটার কাজ; যা এ বছরের এপ্রিলে শেষ হওয়ার কথা রয়েছে। বাকি ৯০ কিলোমিটারের কাজ অর্থপ্রাপ্তি সাপেক্ষে শুরু করা হবে। প্রকল্পটির অগ্রগতি ৪৫ শতাংশ আর অর্থ ছাড় হয়েছে ৩৪.১৬ শতাংশ।

সেনাবাহিনী জানায়, প্রকল্পটি বাস্তবায়িত হলে পার্বত্য জেলাগুলোর সীমান্ত এলাকায় সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্তের দুই পাশের অবৈধ অস্ত্র, মাদক, মানবপাচার যেমন বন্ধ হবে, তেমনি পার্শ্ববর্তী দেশের সঙ্গে সড়ক যোগাযোগের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যবসা-বাণিজ্যের প্রসার হবে এবং সীমান্ত এলাকার জনসাধারণের জন্য সৃষ্টি হবে কর্মসংস্থান ব্যবস্থা।

এ ছাড়া সীমান্ত এলাকার দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণের সুযোগ সৃষ্টির পাশাপাশি সড়কটি উন্নত জাতের কৃষিজবীজ পৌঁছানোর মাধ্যমে পণ্যের উৎপাদন বৃদ্ধি ও উৎপাদিত ফসল বাজারজাতকরণে পরিবহনের সুযোগ সৃষ্টি করবে।

রাজস্থলী উপজেলার বাসিন্দা উচিং মারমা বলেন, “এই সড়কের মাধ্যমে আমাদের যেমন ব্যবসা-বাণিজ্যের চিত্র পাল্টে যাবে। রাজস্থলীর উপর দিয়ে অনেক ব্যবসায়ী যেমন ব্যবসায় পরিচালনা করবে তেমনিভাবে পর্যটকের আনাগোনা বাড়বে। যার মাধ্যমে এই এলাকার মানুষের অর্থনৈতিক উন্নতি হবে।“

দুমদুম্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুচিং মং জানান, এই সড়কের মাধ্যমে কৃষিজ পণ্যের বাজারজাতকরণ সুবিধা হবে এবং কৃষকরা পণ্যের নায্যমূল্য পাবে।

তিন পার্বত্য জেলার সীমান্তে ধাপে ধাপে ১০৩৬ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ করা হবে।