কক্সবাজারে গরু পাচারকারীদের সঙ্গে বিজিবির সংঘর্ষে নিহত ১: পুলিশ
সংঘর্ষের মাঝে পড়ে নির্মাণসামগ্রী দোকানের কর্মচারী মারা যান বলে ইউপি চেয়ারম্যান জানান।
কক্সবাজারের রামু উপজেলায় গরু পাচারকারীদের সঙ্গে বিজিবির সংঘর্ষের সময় এক দোকান কর্মচারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপ গ্রামে এ ঘটনা ঘটে বলে রামু থানার পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী জানান।
নিহত ৪০ বছর বয়সী আব্দুর জব্বার ওই গ্রামের মৃত জাকের আহমদ ছেলে। তিনি স্থানীয় একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পরিদর্শক অরূপ কুমার চৌধুরী রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে পূর্ব কাউয়ারখোপ এলাকায় গরু পাচারকারীদের সঙ্গে বিজিবি সদস্যদের সংর্ঘষের ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে পুলিশ খবর পায়। পরে থানার ওসি মো. আনোয়ার হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে যায়।
ঘটনাস্থল পরিদর্শন শেষে বিস্তারিত জানা সম্ভব হবে বলে জানান অরূপ কুমার।
কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শামশুল আলম স্থানীয়দের বরাত দিয়ে সাংবাদিকদের বলেন, “মিয়ানমার থেকে চোরাই পথে আনা ৫-৬টি গরু জব্দ করে বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের সদস্যরা। পাচারকারীরা গরুগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। তখন সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানতে পেরেছি।
এ সময় সংঘর্ষের মাঝে পড়ে স্থানীয় নির্মাণসামগ্রী দোকানের এক কর্মচারী ঘটনাস্থলেই মারা যান বলে ইউপি চেয়ারম্যান জানান।
এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।
এ ব্যাপারে বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
