২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে সংঘর্ষ: মামলায় বিএনপি নেতা, দুজন কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ১৯ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৬০/৭০ জনকে আসামি করা হয়।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2022, 11:21 PM

Updated : 08 Nov 2022, 11:21 PM

বিএনপির ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের কর্মসূচিতে কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।  

সদর মডেল থানার এসআই অনিক কুমার সাহা বাদী হয়ে মঙ্গলবার মামলাটি দায়ের করেন।

সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা এই মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ ১৯ জনের নামোল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৬০/৭০ জনকে আসামি করা হয়।

অন্য আসামিরা হলেন দলেল জেলা সহ-সভাপতি রুহুল হোসাইন, জ্যেষ্ঠ সহ-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, নাজমুল আলম ও আমিনুল ইসলাম আশফাক, পৌর সাধারণ সম্পাদক মাহবুব আলম, যুবদলের জেলা সভাপতি খসরুজ্জামান শরীফ, জ্যেষ্ঠ সহ-সভাপতি মুশতাক আহমেদ শাহীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্নেল, ছাত্রদলের জেলা সভাপতি মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন, সহ-সভাপতি মোহাম্মদ হিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও রাফিউজ্জমান নৌশাদ।

মামলার এজাহারে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধাদান, জনমনে আতংক সৃষ্টি, ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণ ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টির মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ আনা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, যুবদলের মিছিল থেকে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় তিনি নিজে তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন। কিন্তু তারা আরও বেপরোয়া হয়ে তার দিকে চেয়ার ও ইটপাটকেল ছুড়ে মারে। পরে অতিরিক্ত পুলিশ এসে লাঠিচার্জ ও কয়েক রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।

ওসি বলে, এ ঘটনায় তিনিসহ পুলিশের ১২ সদস্য আহত হয়েছেন। দুই জনকে আটক করা হয়েছে। বাকিদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।

এদিকে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিলের কর্মসূচিতে যোগদান করতে যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে জেলা বিএনপি কার্যালয়ে কাছাকাছি পৌঁছলে পুলিশ তাদের শ্লোগান দিতে বাধা দেয়। এক পর্যায়ে বিনা উস্কানিতে পুলিশ ব্যানার কেড়ে নিয়ে শান্তিপূর্ণ মিছিলকারীদের ওপর বেধড়ক লাঠিচার্জ ও গুলি করে ছত্রভঙ্গ করে দেয়।

গুলি ও লাঠিচার্জে জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জ্যেষ্ঠ সহ-সভাপতি মুশতাক আহমেদ শাহীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, হোসেনপুর উপজেলা যুবদলের আহবায়ক শাফায়েতুল হাসানসহ ১৮ জন আহত হন বলে তিনি অভিযোগ করেন।

পুলিশ জানায়, সোমবার ঘটনাস্থল থেকে আটক জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমন ও বিএনপি কর্মী সাইফুল ইসলামকে মঙ্গলবার আদালতে হাজির করা হয়।

জ্যেষ্ঠ বিচারিক হাকিম আশিকুর রহমান বুধবার জামিন আবেদনের শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।