২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ভিপি মুক্তা হত্যা মামলার সব আসামি খালাস

২০০৭ সালে হামলায় গুরুতর জখমের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কলেজের তৎকালীন ভিপি ও জেলা ছাত্রদল নেতা মুক্তা ।    

পিরোজপুরে ভিপি মুক্তা হত্যা মামলার সব আসামি খালাস

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ সংসদের ভিপি মেজবাহ উদ্দিন মুক্তা

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2023, 07:12 PM

Updated : 03 Jan 2023, 07:12 PM

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ সংসদের ভিপি ও জেলা ছাত্রদল নেতা মেজবাহ উদ্দিন মুক্তা হত্যা মামলার সব আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ এস. এম. নূরুল ইসলাম এ রায় দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মো. জহুরুল ইসলাম।

খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- পিরোজপুর সদর উপজেলার খুমুরিয়া এলাকার আ. রহমান সরদারের পুত্র মো. সালাউদ্দিন ওরফে সালো, লক্ষাকাঠী এলাকার মৃত আইয়ুর আলীর পুত্র মো. রসূল, ঝাটকাঠি এলাকার বারেক শেখের পুত্র মো. রাজ্জাক শেখ এবং বাজুকাঠী এলাকার আমির হোসেন সরদারের সিপন।

নিহত মেজবাহ উদ্দিন মুক্তা (২৯) পিরোজপুর সদর উপজেলার খুমুরিয়া এলাকার মীর আবদুর রবের পুত্র। তিনি পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ সংসদের সহ-সভাপতি (ভিপি) ও জেলা ছাত্রদল নেতা ছিলেন।

এপিপি জহুরুল জানান, ২০০৭ সালের ১৪ জানুয়ারি সরকারি সোহরাওয়ার্দী কলেজের তৎকালীন ভিপি মেজবাহ উদ্দিন মুক্তাকে ‘সন্ত্রাসী’রা কুপিয়ে গুরুতর জখম করে।

এ ঘটনায় মুক্তার বাবা মীর আবদুর রব বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করে। পরে ২০০৭ সালের ২৫ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মেজবাহ উদ্দিন মুক্তা মারা যায়।

মামলার অভিযোগ তদন্ত করে পিরোজপুর সদর থানার এসআই আবুল বাসার ২০০৭ সালের ৩১ অগাস্ট চার আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র  দাখিল করে।

পরে আদালতের বিচারক সাত সাক্ষীর সাক্ষ্য শেষে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করেন।

রায় ঘোষণার সময় ভিপি মুক্তার পরিবারের কেউ আদালতে উপস্থিত ছিলো না বলে জানান অ্যাডভোকেট জহুরুল।

মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন মো. নুরুল ইসলাম সরদার শাহজাহান।