বিএনপি তালেবানি সরকার গঠনের পাঁয়তারা করছে: শিরীন আখতার
আঞ্চলিক মহাসড়ক বন্ধ করে সমাবেশ করায় দীর্ঘ সময় দুর্ভোগ পোহাতে হয়েছে যানবাহন ও যাত্রীদের।
বিএনপি তালেবানি সরকার গঠনের পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সাধারণ সম্পাদক শিরীন আখতার।
তিনি বলেন, “আমরাও গণতন্ত্র চাই, তবে গণতন্ত্রের নামে অস্বাভাবিক সরকার গঠনের কোনো উপায় নেই।”
জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার বিকালে ছাগলনাইয়া বাজার ফেনী-মুহুরীগঞ্জ সড়কে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
শিরিন আক্তার বলেন, “বর্তমান সরকার ১৪ বছরে অনেক উন্নয়ন করেছে। আমরা কষ্টে আছি ঠিক, তবে ইউরোপ-আমেরিকার মতো কষ্টে নেই। উন্নয়ন যারা বাধাগ্রস্থ করতে চায় তাদের হাত গুঁড়িয়ে দিতে হবে। দেশে আগুন-সন্ত্রাস আর হতে দেওয়া যাবে না।”
ছাগলনাইয়া উপজেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, কোষাধ্যক্ষ মো. মনির হোসেন।
উপজেলা জাসদের সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ফেনী জেলা জাসদের সভাপতি নুরুল আমীন ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মশাল শোভাযাত্রা ছাগলনাইয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে, ফেনী-মুহুরীগঞ্জ হয়ে চট্টগ্রাম যাওয়ার আঞ্চলিক মহাসড়ক বন্ধ করে সমাবেশ করায় দীর্ঘ সময় দুর্ভোগ পোহাতে হয়েছে যানবাহন ও যাত্রীদের। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
আবুল হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, “সড়ক বন্ধ করে জনসভা করায় গন্তব্যে যেতে না পেরে আমার মতো অনেককে ফিরে যেতে হয়েছে। উপজেলায় একাধিক মাঠ ও কমিউনিটি সেন্টার থাকার পরও সড়কে জনসভা করে জনগণকে দুর্ভোগে ফেলার কোনো মানে হয় না।”
