কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলল ময়মনসিংহে
ঘণ্টাব্যাপী চলা বৃষ্টিতে ওই অঞ্চলের মানুষের মাঝে স্বস্তি নেমে আসে।
কিছু দিন ধরে টানা দাবদাহের পর কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলেছে বিভাগীয় শহর ময়মনসিংহসহ কয়েকটি উপজেলায়। ঝড়ো বাতাসের সঙ্গে শিলাবৃষ্টির খবরও পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে ময়মনসিংহ নগরীসহ তারাকান্দা, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ উপজেলায় বৃষ্টি নামে।
ঘণ্টাব্যাপী চলা বৃষ্টিতে ওই অঞ্চলের মানুষের মধ্যে স্বস্তি নেমে এলেও গৌরীপুর ও তারাকান্দা উপজেলায় শিলাবৃষ্টিতে বোরো ধানের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, জেলার নান্দাইল, ত্রিশাল, ভালুকা, ফুলবাড়িয়া, মুক্তাগাছা, ধোবাউড়া, হালুয়াঘাট, ফুলপুরে বৃষ্টি হয়নি। তবে এসব উপজেলার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকার শাহ কামাল আকন্দ বলেন, “গত কয়েক দিনের গরমে রোজাদারদের খুব কষ্ট হয়েছে। অল্প সময় বৃষ্টি হওয়ায় মানুষের কিছুটা স্বস্তি ফিরেছে। আরও বৃষ্টির প্রয়োজন ছিল। তবে এখন তাপমাত্রা অনেক কমেছে। আল্লাহর কাছে লাখো-কোটি শুকরিয়া।”
গৌরীপুর উপজেলার আব্দুল কাদির বলেন, “সামান্য বৃষ্টি হয়েছে। সাথে শিলও পড়ছে। শুধু বৃষ্টিতে সমস্যা নাই; কিন্তু শিলাতে ধানের ব্যাপক ক্ষতি হবে।”
তারাকান্দা উপজেলার সোহেল মিয়া বলেন, “তারাকান্দা বাজারে ৫ মিনিটের মত বৃষ্টি হয়েছে। তবে গ্রামে কিছু শিলাবৃষ্টি হয়েছে বলে খবর পেয়েছি।”
ঈশ্বরগঞ্জ উপজেলার হাসান আলী বলেন, “আমাদের এখানেও বৃষ্টি হয়েছে। তবে, অনেক কম। ভালো করে বৃষ্টি হলে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে। এখন যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, আশা রাখছি নিয়মিতই হবে।”
আরও পড়ুন:
