২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বরিশালে বিএনপির নেতাকর্মীদের লাঠিপেটার অভিযোগ

বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেন।

বরিশালে বিএনপির নেতাকর্মীদের লাঠিপেটার অভিযোগ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী বাজারে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের অবস্থান।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2022, 08:08 PM

Updated : 01 Nov 2022, 08:08 PM

বরিশালের বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে প্রচারপত্র বিতরণের সময় বাকেরগঞ্জ উপজেলায় নেতাকর্মীদের পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। 

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার কলসকাঠী বাজারে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন হাওলাদার।

লাঠিপেটার অভিযোগ অস্বীকার করে বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন বলেছেন, “কলসকাঠীতে উপজেলা বিএনপির দুটি পক্ষ একই স্থানে সভা করলে তাদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা থাকায় পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।” 

বিএনপি নেতা নাসির উদ্দিন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেন। পরে সবাই মিছিল করে কলসকাঠী বাজারের দ্বিতীয় গলিতে যান।

এ সময় পুলিশ লাঠিপেটা করে বলে অভিযোগ করেন নাসির। তিনি দাবি করেন, লাঠিপেটায় কলসকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন জমাদ্দার, কলসকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন মোল্লা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনির তালুকদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল সিকদার, ছাত্রদলের মুশফিকুর রহমান শাওন, শ্রমিক দলের খালেক হাওলাদার, আব্দুর রব, তুহিন হাওলাদার ও সোহেল হাওলাদার আহত হন। 

নাসির আরও বলেন, “বুধবার বাজারে জগদ্বাত্রী দেবীর পূজা হবে তাই মিছিল করা যাবে না- এই অজুহাতে পুলিশ লাঠিপেটা করেছে। কিন্তু সেখানে হিন্দু সম্প্রদায়ের কেউ বলেনি, মিছিলের কারণে তাদের সমস্যা হয়েছে।“ 

এ ব্যাপারে বাকেরগঞ্জের ওসি আলাউদ্দিন মিলন বলেন, “কলসকাঠি ইউনিয়নে সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান এবং হারুন সিকদারের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। সংঘর্ষের আশঙ্কায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে। কোনো লাঠিপেটার ঘটনা ঘটেনি।”