কুড়িগ্রামে তিস্তার পানি বিপৎসীমার ৪১ সেন্টিমিটার উপরে, বন্যার শঙ্কা
জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী বলছেন, ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা আছে।
বৃষ্টি ও উজানের ঢলে চতুর্থ দফা বাড়তে শুরু করেছে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত নদ-নদীর পানি।
শনিবার সকালে তিস্তা নদীর পানি বেড়ে কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড।
এতে নদ-নদীর অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ায় বন্যার আশঙ্কায় আছেন তীরবর্তী মানুষ।
অন্যদিকে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমারসহ নদ-নদীর পানিও বেড়েছে তবে বিপৎসীমা অতিক্রম করেনি।
জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে ৭২ সেন্টিমিটার, ধরলার পানি সেতু পয়েন্টে ৯৭ সেন্টিমিটার ও দুধকুমারের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৪২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী অববাহিকার নিচু ও চরাঞ্চলগুলোতে বন্যার পানি প্রবেশ করতে শুরু করেছে। এরই মধ্যে ব্রহ্মপুত্রের অববাহিকার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে নতুন জেগে ওঠা মুসার চর ও বালাডোবার চরের ঘর-বাড়িতে পানি প্রবেশ করতে শুরু করেছে বলে স্থানীয়রা জানান।
এদিকে, নদ-নদীর পানি বাড়ায় জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম, চর খিতাবখা, বিদ্যানন্দ ইউনিয়নের চতুড়া, রামহরি ও কালিরহাট এলাকায় দেখা দিয়েছে তিস্তা নদী ভাঙন।
কামরুজ্জামান রানা নামে তিস্তা পাড়ের এক বাসিন্দা বলেন, “তিস্তা নদী পানি অনেক বৃদ্ধি পেয়ে বাম তীরে ভাঙন চলছে। দেখার যেন কেউ নাই। এভাবে ভাঙন অব্যাহত থাকলে তো অনেকে বাড়ি ঘর জমিজমা হারিয়ে নিঃস্ব হয়ে যাবে।”
ইতোমধ্যে অনেক মানুষ ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন বলে দাবি তার।
তিস্তা অববাহিকার গড়াই পিয়ার এলাকার বাসিন্দা আব্দুল খালেক বলেন, “তিস্তা নদীর পানি গতকাল থেকে হুহু করে বাড়ছে। আমরা সবাই অনেক দুশ্চিন্তায় আছি। কেননা সবাই আমরা আমন আবাদ করেছি, যদি সব নষ্ট হয়ে যায়। পানি বৃদ্ধির কারণে রাতের ঘুম হারাম হয়ে গেছে আমাদের।”
এছাড়া ব্রহ্মপুত্রের অববাহিকার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের কয়েকটি পয়েন্টে এবং ধরলার অববাহিকার মোগলবাসা ইউনিয়নের চরসিতাইঝাড় এলাকায়ও নদী ভাঙনের খবর পাওয়া গেছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, বৃষ্টি ও উজানের ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি আগামী ২৮ অগাস্ট পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা আছে জানিয়ে তিনি বলেন, “তবে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই।”
