মেহেরপুরে মোটরসাইকেল চোর সন্দেহে গণপিটুনিতে আহত ৩
আহতদের দাবি, তারা পেয়ারা কিনতে ওই গ্রামে গিয়েছিলেন।
মেহেরপুর সদর উপজেলায় মোটরসাইকেল চোর সন্দেহে তিন জনকে গণপিটুনি দিয়েছে গ্রামবাসী। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। তবে আহতরা নিজেদের মৌসুমী ফল ব্যবসায়ী বলে দাবি করেছেন।
মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাঁঠালপোতা গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম।
গণপিটুনিতে আহতরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকান্দি গ্রামের আনিস (৩৫), একই উপজেলার চরগোয়াল গ্রামের বকুল (৪২) ও একই জেলার মহেশপুর উপজেলার অপু (১৯)।
একাধিক প্রত্যক্ষদর্শীর দাবি, একটি ডিসকোভারি ব্র্যান্ডের মোটরসাইকেল চুরি করে তারা তিন জন দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছিলেন। সে সময় গ্রামবাসীরা ধাওয়া করলে তারা কাঁঠালপোতা ব্রিজের কাছে মোটরসাইকেল থেকে পড়ে যায়। তখন তাদের ধরে গণপিটুনি শুরু করে গ্রামবাসী।
এ বিষয়ে পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য আশাদুল ইসলাম আশা জানান- দুই মাস ধরে গ্রামে মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে গেছে। তাই গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে আছে। কয়েকদিন আগেও একটি মোটরসাইকেল চুরি হয়। সেই ঘটনায় জড়িতদের ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।
তিনি বলেন, “গ্রামবাসীর দাবি- সেই সিসিটিভির ফুটেজ থেকে শনাক্ত এক চোরকে দেখে তারা বিক্ষুব্ধ হয়ে পড়ে এবং আবারও মোটরসাইকেল চুরি করে পালানোর সময় তাদের হাতেনাতে ধরে গণপিটুনি দিয়েছে।”
তবে মেহেরপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহতরা নিজেদের ফল ব্যবসায়ী বলে জানিয়েছেন। তারা পেয়ারা কিনতে নিজ মোটরসাইকেলে ওই গ্রামে গিয়েছিলেন। মোটরসাইকেল চুরির ঘটনার সঙ্গে তারা জড়িত নয়।
তিন জনকে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে জানিয়ে মেডিকেল অফিসার সাইফুল ইসলাম বলেন, “তাদের শরীরে অসংখ্য জখমের চিহ্ন রয়েছে। মেডিকেল পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর তাদের শারিরীক অবস্থা এবং শরীরে বড় কোনো ক্ষতি আছে কিনা বোঝা যাবে।”
ওসি রফিকুল ইসলাম বলেন, গণপিটুনির সংবাদ পেয়ে সদর থানা পুলিশের একটি টিম জনগণের হাত থেকে তাদের উদ্ধার করে পুলিশ হেফাজতে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
মেহেরপুরে হঠাৎ করে মোটরসাইকেল চুরির সংখ্যা বেড়ে গেছে জানিয়ে তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা পাশের জেলা থেকে এসে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটায়।
“তবে তদন্ত করে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সার্বিক পরিস্থিতি শুনে এবং মানুষের অভিযোগের ভিত্তিতে তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে”, বলেন ওসি।
