২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাভাবিক জীবনে ফেরা ৩১৪ ‘চরমপন্থী’ পেলেন প্রধানমন্ত্রীর সহায়তা

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করা প্রত্যেককে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এক লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে বলে জানায় র‌্যাব।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 09:10 PM

Updated : 12 Dec 2023, 09:14 PM

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরা ৩১৪ ‘চরমপন্থীকে’ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের হাটিকমুরুলে র‌্যাব-১২ এর কার্যালয়ে তাদেরকে সহায়তার চেক বিতরণ করেন র‌্যাবের মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) এম খুরশীদ হোসেন। চলতি বছরের ২১ মে র‌্যাবের তত্ত্বাবধানে তারা আত্মসমর্পণ করেন।

র‌্যাবের মহাপরিচালক খুরশীদ হোসেন বলেন, “আত্মসমর্পণকারী ৩১৪ ‘চরমপন্থীর’ পুনর্বাসনের জন্য আর্থিক সহযোগিতার বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছিলাম। যাতে তারা স্বাভাবিক পেশায় ফিরে জীবিকা নির্বাহ করতে পারেন।”

পরে প্রধানমন্ত্রী তাঁর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রত্যেককে এক লাখ টাকা করে মোট তিন কোটি ১৪ লাখ টাকা অনুদান দিয়েছেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “যারা নিজেদের ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। তারা প্রধানমন্ত্রীর এই অর্থ সহায়তা নিয়ে অতীত ভুলে নতুন করে জীবনসংসার শুরু করবেন বলে আমার বিশ্বাস।

“যদি তারা আত্মসমর্পণের প্রতিশ্রুতি ভঙ্গ না করেন, তাহলে অবশ্যই ভবিষ্যতেও আমরা তাদের পাশে থাকব। তাদের বিরুদ্ধে খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগের মামলা ব্যতীত অন্য মামলাগুলো যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাহারের কার্যক্রম চলমান রয়েছে।”

আত্মসমর্পণকারীরা যাতে সহজেই ক্ষুদ্র ঋণের আওতায় আসতে পারেন সে জন্য প্রায় ৩৮টি এনজিওর সঙ্গে সমন্বয় করে তাদের পরিবারের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান র‌্যাব মহাপরিচালক।

এতে র‌্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেনের সভাপতিত্বে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ও আত্মসমর্পণকারী শামীম হোসেন বক্তব্য দেন।

এর আগে চলতি বছরের ২১ মে র‌্যাব-১২ এর তত্ত্বাবধানে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর ও রাজবাড়ী জেলার ৩১৪ ‘চরমপন্থী’ সদস্য দুই শতাধিক অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন।