২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

টেকনাফে মেছো বাঘের বাচ্চা উদ্ধার, মাছ-মুরগি খাইয়ে অবমুক্ত

এটি পুরুষ মেছো বাঘ। বয়স এক থেকে দেড় বছর হতে পারে বলে জানান বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা।

টেকনাফে মেছো বাঘের বাচ্চা উদ্ধার, মাছ-মুরগি খাইয়ে অবমুক্ত

মেছো বাঘের বাচ্চাটি জাল দিয়ে ধরে বনবিভাগকে খবর দেয় স্থানীয়রা।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2024, 11:31 AM

Updated : 25 Jan 2024, 11:31 AM

কক্সবাজারের টেকনাফে মেছো বাঘের একটি বাচ্চা উদ্ধারের পর তাকে মাছ ও মুরগির মাংস খাইয়ে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছে বন বিভাগ।

বুধবার সকালে টেকনাফ পৌরসভার বাস স্টেশন এলাকা থেকে উদ্ধারের পর  দুপুর ২টার দিকে ন্যাচারী পার্ক এলাকায় প্রাণীটিকে অবমুক্ত করা হয় বলে জানান উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান।

স্থানীয় বাসিন্দা নুরুল আমিন জানান, বাস স্টেশন এলাকার আব্দু শুক্কুরের পানের দোকানের হাঁচিতে লুকিয়ে ছিল ‘বিড়ালের মত দেখতে বাঘের বাচ্চাটি’। পল্লনপাড়া এলাকার বাসিন্দা শুক্কুর বুধবার সকালে দোকান খোলার সময় বাচ্চাটি দেখতে পান।

এরপর স্থানীয় লোকজন এসে এটিকে জাল দিয়ে ধরে বন বিভাগকে খবর দেয়।

টেকনাফ উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মিজানুর বলেন, খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘের বাচ্চাটি উদ্ধারের পর রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসে।

এরপর এটিকে মাছ, মুরগির মাংস খেতে দেওয়া হয়। পরে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনা পেয়ে এটিকে টেকনাফ বন বিভাগের ন্যাচারী পার্ক এলাকায় সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

মিজানুর জানান, এটি পুরুষ মেছো বাঘ। বয়স এক থেকে দেড় বছর হতে পারে।

অবাধে বনজঙ্গল উজাড় হওয়ার কারণে খাদ্যসংকট পড়ে বাচ্চাটি লোকালয়ে ঢুকে পড়ে বলে ধারণা করেন এই বন কর্মকর্তা।