লক্ষ্মীপুরে যুবলীগ-ছাত্রলীগ নেতা হত্যা: আসামির তথ্যে বন্দুক উদ্ধার
দুইটি পৃথক অভিযাগে দুইটি বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতা হত্যা মামলার দুই আসামির দেওয়া তথ্যে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ও শুক্রবার রাতে আলাদা দুটি অভিযানে এসব উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ।
গত ২৫ এপ্রিল রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দারবাজার এলাকায় জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবকে গুলি করে হত্যা করা হয়।
শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসপি জানান, এ ঘটনায় করা মামলার পাঁচ আসামি বর্তমানে রিমান্ডে রয়েছেন। এর মধ্যে তিনদিনের রিমান্ডে থাকা আজিজুল ইসলাম বাবলুর দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার অভিযানে যায় পুলিশ। এ সময় হত্যাকাণ্ডের ঘটনাস্থলের কাছে একটি কলাবাগান থেকে কলাপাতায় মোড়ানো একটি দোনলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
অস্ত্র উদ্ধারের ঘটনায় বাবুলের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করেছেন দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বেলায়েত হোসেন।
এসপি আরো জানান, শুক্রবার রাতে মামলার অন্য দুই আসামি নিশান ও রুবেল দেওয়ানকে নিয়ে অভিযানে যায় পুলিশের আরেকটি দল। এতে নিশানের বাড়ির ঘরের পাশের জ্বালানি কাঠ রাখার ঘর থেকে একটি একনলা বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদের দেওয়া বক্তব্যের সূত্র ধরে পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে বেশ কয়েকটি দলকে সম্পৃক্ত করা হয়। একটি দল ব্যর্থ হলেও যেন অন্য অন্য দল সফল হয় সেজন্য সব ব্যবস্থা রাখা হয়েছিল। হত্যার জন্য বেশকিছু অস্ত্র প্রস্তুত রাখা হলেও সবগুলো ব্যবহার করতে হয়নি।
মাহফুজ্জামান আশরাফ বলেন, “আমরা অস্ত্র উদ্ধারে নেমেছি। সবগুলো অস্ত্রই আমরা উদ্ধার করব। আমাদের বিভিন্ন সংস্থা কাজ করছে। তদন্তের স্বার্থে অনেক কিছু গোপন রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, “অস্ত্র মামলার আসামিদের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে। আমাদের তদন্তের স্বার্থে আরও তথ্যের প্রয়োজন আছে। প্রধান আসামিকে ধরার জন্য আমরা বিভিন্ন অভিযান শুরু করেছি। এতে পুলিশের বিভিন্ন সংস্থা দিনরাত কাজ করছে।”
প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, ডিআইওয়ান আজিজুর রহমান মিয়া, সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন, চন্দ্রগঞ্জ থানার ওসি তহিদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নোমান ও রাকিবকে হত্যার পর তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল নিয়ে যায় সন্ত্রাসীরা। গুলির শব্দ শুনে ঘটনাস্থল গিয়ে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা নোমানকে মৃত ঘোষণা করেন। রাকিবকে সংকটাপন্ন অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনিও।
২৬ এপ্রিল রাত ১টার দিকে নিহত নোমানের বড় ভাই ও বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে ৩৩ জনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম জিহাদীকে প্রধান করে ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়। মামলার পর থেকে এখন পর্যন্ত ১১ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।
