২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রাজশাহীর আরডিএ মার্কেটে ২৫০ অগ্নি নির্বাপক স্থাপন

অগ্নিকাণ্ড ঘটনার আগেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2024, 09:06 PM

Updated : 16 Mar 2024, 09:06 PM

রাজশাহী নগরীর সবচেয়ে ব্যস্ততম এলাকায় আরডিএ মার্কেট অবস্থিত; অগ্নি ঝুঁকিতে থাকা এ মার্কেটে ২৫০ অগ্নি নির্বাপক ‘ফায়ার এক্সটিংগুইশার’ স্থাপন করা হয়েছে।

শনিবার আরডিএ মার্কেটের ব্যবসায়ীদের পক্ষ থেকে এই অগ্নি নির্বাপক ব্যবস্থা উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

মার্কেটের তৃতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, “দুর্ঘটনা যেকোনো সময় ঘটতে পারে। অগ্নিকাণ্ডের ঘটনা কতটা ভয়াবহ হতে পারে সম্প্রতি ঢাকায় বেইলি রোডের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা আবারও দেখলাম। অগ্নিকাণ্ড ঘটনার আগেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।”

আরডিএ মার্কেটের সাধারণ ব্যবসায়ী সমিতির উদ্যোগে ২৫০টি ফায়ার এক্সটিংগুইশার স্থাপনকে স্বাগত ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন সিটি মেয়র।

আরডিএ মার্কেট সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি এবং রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসানের সভাপতিত্ব অনুষ্ঠানে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, আরএমপির উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) বিভূতিভূষণ ব্যানার্জী, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী হাকিম সঞ্জয় কুমার মাহান্ত এবং রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-পরিচালক ওহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।