পিরোজপুরে ট্রলি চাপায় পথচারী কৃষকের মৃত্যু
ট্রলির কিছু পিছনে থাকা একজন মোটরসাইকেল চালক দুর্ঘটনাটি দেখে পরিবারের সদস্যদের জানান।
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ট্রলির চাপায় পথচারী এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা সড়কের মাটিভাঙ্গা কলেজ মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে বলে জানান নাজিরপুর থানার ওসি মো. হুমায়ূন কবির।
নিহত কামরুল শেখ (৫৫) উপজেলা মাটিভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ মাটিভাঙ্গা গ্রামের সুলতান শেখের ছেলে।
নিহতের ভাগ্নে সাবেক ইউপি সদস্য আবুল বাশার গাজী জানান, সকাল সাড়ে ৬টার দিকে তার মামা কামরুল শেখ স্থানীয় বৈবুনিয়া মাঠের ধান কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।
পথে বাড়ির থেকে কিছু দূরে সড়কের বাঘাজোড়া ব্রীজ সংলগ্ন এলাকায় আবুল কালাম আজাদের বাড়ির কাছে পৌঁছালে পাটগাতীগামী একটি ট্রলি তাকে চাপা দেয়।
“বিষয়টি ওই ট্রলির কিছু পিছনে থাকা একজন মোটরসাইকেল চালক দেখে আমাদের জানান। আমরা দ্রুত সেখানে গিয়ে তাকে মামাকে মৃত অবস্থায় উদ্ধার করি।”
ওসি হুমায়ুন কবির জানান, ঘাতক ট্রলি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
