কেরানীগঞ্জে ফিলিং স্টেশনে বিস্ফোরণ, যুবক নিহত
খালি সিলিন্ডারে গ্যাস আছে কি-না তা পরীক্ষা করার সময় বিস্ফোরণ ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জেনেছে পুলিশ।
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একটি ফিলিং স্টেশনে বিস্ফোরণে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জিনজিরা বাদাম গাছতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে কেরানীগঞ্জ থানার ওসি মামুনুর রশিদ জানান।
নিহত ওই যুবকের নাম মো. রনি, বয়স ৩২ বছর। তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আহতরা হলেন ফিলিং স্টেশনের শহিদুল ইসলাম (৩০) ও মো. আসিফ (২৮)। তাদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ওই ফিলিং স্টেশনে কোনো সাইনবোর্ড লাগানো নেই। সবাই একে সাহেব আলী সিএনজি ফিলিং স্টেশন নামে চেনে।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া আব্দুর রহিম বলেন, তারা কয়েকজন বন্ধু ওই ফিলিং স্টেশনের পাশে আড্ডা দিচ্ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান। এরপর ফিলিং স্টেশনে গিয়ে তিনজনকে দগ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।
সেখান থেকে তারা দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে সেখান থেকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।
আর রনিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেরানীগঞ্জ থানার এসআই সোহেল মুফতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ফিলিং স্টেশনে সিলিন্ডারের মাধ্যমে অটোরিকশায় গ্যাস সরবরাহ করা হয়। খালি সিলিন্ডারে গ্যাস আছে কি-না তা পরীক্ষা করার সময় বিস্ফোরণ ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জেনেছি। তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া পায়নি।
ঘটনাটি তদন্ত করা হচ্ছে জানিয়ে ওসি মামুনুর রশিদ বলেন, নিহতের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
