সিরাজগঞ্জে রাতের অন্ধকারে আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ
শাহজাদপুর থানার ওসি বলেন, হাবিবুল্লাহ নগর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় রাতের অন্ধকারে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
রোববার গভীর রাতে উপজেলার বাদলবাড়ি এলাকায় হাবিবুল্লাহ নগর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে বলে শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার জানান।
তিনি বলেন, “আগুন লাগার সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে টিনের চাল ও ঘরে থাকা আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে গেছে। কে বা কারা আগুন দিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।”
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শাহজাদপুর স্টেশনের পরিদর্শক রেজাউল করিম বলেন, “রাত ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।”
শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ লাভলু বলেন, “সরকার বিরোধীরা দিনে প্রকাশ্যে আসতে পারে না। তাই তারা রাতের বেলায় গান পাউডার বা পেট্রোল দিয়ে দলীয় কার্যালয়ে আগুন দিচ্ছে।
এর আগেও তারা বেলতৈল ও পোরজনা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রলবোমা হামলা করেছিল বলে জানান আব্দুল হামিদ লাভলু।
