খুলনায় প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে বাস খাদে, নিহত ২
প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাসটি উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
খুলনার ডুমুরিয়া উপজেলায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২২ জন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ডুমুরিয়ার মেছাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডুমুরিয়া থানার ওসি সেখ কনি মিয়া।
ওসি জানান, মেছাঘোনায় সাতক্ষীরাগামী বাস ও খুলনাগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় দুজন বাসযাত্রী নিহত হন।
এদের মধ্যে একজন পুরুষ ও অপরজন নারী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
ডুমুরিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ সরদার শরীফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
দুর্ঘটনার আহত ২২ জনকে উদ্ধারের পর ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
