স্কুলে বকুনির পর ছাত্রীর আত্মহত্যা, দেখতে গিয়ে হামলার শিকার শিক্ষক
শিক্ষক ছাত্রীদের বলেন, তোমাদের বিচার মঙ্গলবার হেডস্যার নিজে অভিভাবকদের ডেকে নিয়ে করবেন।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। সেই ছাত্রীর মরদেহ দেখতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্কুলের প্রধান শিক্ষক।
সোমবার উপজেলার সুলতানপুরে এ ঘটনা ঘটে বলে কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান।
নিহত শিক্ষার্থী জিনিয়া সুলতানপুর মাহতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
স্কুলের শিক্ষক, সহপাঠী ও পরিবার জানায়, সোমবার স্কুলের মাঠে ফুটবল খেলা চলছিল। এ সময় কয়েকজন ছাত্রী বিদ্যালয়ে চারতলার সিঁড়ি কোঠায় যায়। তখন কেউ একজন এসে এক শিক্ষকের কাছে অভিযোগ করেন, ছাত্রীরা সেখানে ধুমপান করেছে।
পরে তাদের ডেকে শিক্ষকদের বসার কক্ষে নিয়ে আসা হয়। তখন প্রধান শিক্ষক আব্দুর রশিদ স্কুলে ছিলেন না। এক শিক্ষক তাদের বকুনি দেন এবং তাদের স্কুল ব্যাগ রেখে বাড়িতে পাঠিয়ে দেন। ওই শিক্ষক তাদের বলেন, মঙ্গলবার প্রধান শিক্ষক অভিভাবকদের নিয়ে এর বিচার করবেন। এরপর ওই শিক্ষার্থী বাড়ি গিয়ে বিকালে আত্মহত্যা করে।
নিহত শিক্ষার্থী জিনিয়ার মামা সাবেক ইউপি সদস্য ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সদস্য গাজিরুল ইসলাম অভিযোগ করেন, “জিনিয়া লজ্জায়-অপমানে বাড়িতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এটাকে কোনোভাবেই আত্মহত্যা বলা যায় না। এর জন্য দায়ী শিক্ষকদের শাস্তি চাই।”
স্কুলের শিক্ষক মশিউর রহমান লাল্টু বলেন, “অভিযোগের সত্যতা পেয়ে ছাত্রীদের ডেকে আনা হয়। তখন আমি বলেছি, তোমাদের বিচার মঙ্গলবার হেডস্যার নিজে অভিভাবকদের ডেকে নিয়ে করবেন। তাদের বলেছি, তোমাদের পিতা-মাতাকে সঙ্গে এসে স্কুল ব্যাগ নিয়ে যেতে হবে।”
স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, “আমি জেলা শিক্ষা অফিসে কাজে ছিলাম। কয়েকজন মেয়ে ধুমপান করছে এমন অভিযোগ শিক্ষকরা আমাকে মোবাইল করে জানায়। সাড়ে ৫টার দিকে স্কুলে ফিরে শুনতে পাই, জিনিয়া আত্মহত্যা করেছে।
“সঙ্গে সঙ্গে আমি তাদের বাড়ি যাই। তখন একদল উচ্ছৃঙ্খল জনতা আমার ওপর হামলা করে এবং রক্তাক্ত করে।”
মঙ্গলবার প্রধান শিক্ষক বলেন, “শিক্ষকদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা তদন্তের জন্য এরই মধ্যে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। প্রতিবেদনে কারও বিরুদ্ধে দোষ পাওয়া গেলে অবশ্যেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জিয়াউল ইসলাম স্বপন বলেন, “স্থানীয় একটি মহল স্কুলে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পানি ঘোলা করার চেষ্টা করছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়াচ্ছে।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান কুমারখালী থানার ওসি আকিবুল। তিনি আরও বলেন, আত্মহত্যার ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। এ ছাড়া পরিবারের পক্ষ থেকে অভিযোগ আসেনি।
প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় কেউ অভিযোগ দেয়নি বলে জানান ওসি।
