রাজবাড়ীতে ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু
তবে ওই নারীর মৃত্যুর বিষয়ে কিছু বলতে পারেননি রাজবাড়ীর সিভিল সার্জন।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে; মারা গেছে গর্ভের শিশুটিও।
বুধবার রাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন তার মৃত্যু হয় বলে জানান জেলার সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান।
২৬ বছর বয়সি রুমা বিশ্বাস বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামের লিটন ঘোষের স্ত্রী।
লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার স্ত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত রোববার রাজবাড়ীর আরোগ্য ক্লিনিকে তার ডেঙ্গু রোগ শনাক্ত হয়। অন্তঃসত্ত্বা হওয়ায় বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে অব্স্থার অবনতি হলে বুধবার বিকালে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা আরও খারাপের দিকে গেলে ওই বিকালেই তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
তবে অন্তঃসত্ত্বার মৃত্যুর বিষয়ে কিছু বলতে পারেননি রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন।
বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে নতুন করে ২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত জেলায় ৪৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪১৯ জন সুস্থ হয়েছে।
