২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ঝড়ের কবলে পড়া লঞ্চের সব যাত্রী উদ্ধার

মাঝরাতে ঝড়ের কবলে পড়ে কালীগঞ্জের উলানিয়া লঞ্চঘাটের পন্টুনের পাশের ব্লকে ধাক্কা লেগে লঞ্চটি চরে আটকে যায়।

বরিশালে ঝড়ের কবলে পড়া লঞ্চের সব যাত্রী উদ্ধার

ঝড়ের কবলে আটকে পড়া লঞ্চের সব যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌ-পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2022, 06:27 PM

Updated : 20 Aug 2022, 07:43 PM

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালীগঞ্জে ঝড়ের কবলে পড়ে চরে আটকে যাওয়া একটি লঞ্চের সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করার কথা জানিয়েছে কোস্ট গার্ড ও নৌ-পুলিশ।

শনিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, তারা ৭০ জন যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন।

মেহেন্দিগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লঞ্চ থেকে ২৫০ যাত্রীকে তারা উদ্ধার করেছেন।

শুক্রবার রাত ৯টা ১০ মিনিটে ভোলার ইলিশা ঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘এম ভি আল-ওয়ালিদ ৯’ লঞ্চটি মাঝরাতে উলানিয়া ঘাট পার হওয়ার সময় ঝড়ের কবলে পড়ে।

ফারুক হোসেন বলেন, “প্রচণ্ড ঢেউ আর ঝড়ো বাতাসে লঞ্চের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে উলানিয়া ঘাটে পন্টুনের পাশে ব্লকের সঙ্গে ধাক্কা খেয়ে চরে আটকে যায়।”

পরে খবর পেয়ে নৌ-পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা সেখানে উদ্ধার অভিযানে যান।

কোস্ট গার্ড কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, “সব যাত্রীকে উদ্ধার করে পাড়ে আনা হয়। এ ঘটনায় যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”

তবে লঞ্চটি এখনও চরে আটকে আছে বলে জানিয়েছে নৌ-পুলিশ ও কোস্টগার্ড।