কিশোরগঞ্জে অটোরিকশাকে বাসের চাপা, নিহত ৩
এ ছাড়া আহত হয়েছেন আরও একজন
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার বিকালে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে উপজেলার ছয়সূতি ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ভৈরব হাইওয়ে থানার ওসি মো. মোজাম্মেল হোসেন জানান।
নিহতদের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- ভৈরব উপজেলার চান্দেরচর গ্রামের দিদার বক্সের ছেলে আতিয়ার রহমান (৫৫) এবং কুলিয়ারচরের লালপুর গ্রামের হাজি আমির চাঁনের ছেলে দ্বীন ইসলাম (৫৪)।
আহত অজ্ঞাত ব্যক্তিকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, চার যাত্রী কুলিয়ারচর থেকে অটোরিকশায় ভৈরবের দিকে যাচ্ছিলেন। কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী সাব্বির পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায় এবং হাসপাতালের নেওয়ার পথে আরও একজন মারা যায়।
ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল আরও বলেন, দুর্ঘটনার পর পরই বাসটি ফেলে চালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
