শেরপুরে মাজার ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার ১
জমিজমা নিয়ে বিরোধের জেরে আরফুজ লেংটার মাজার ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শেরপুরের নকলা উপজেলায় মাজার ভাঙচুরের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকালে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের কান্দাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ।
গ্রেপ্তার মো. আসাদুজ্জামান কেনুর (৫৫) বাড়ি ওই এলাকায়। তিনি মৃত ইলাহী বক্সের ছেলে।
মাজারের খাদেম আবু হানিফার অভিযোগ, জমিজমা নিয়ে বিরোধের জেরে শুক্রবার দুপুরে তার বাড়ির পশ্চিম পাশে দাদা আরফুজ লেংটার মাজারে হামলা ও ভাঙচুর করা হয়।
এ ঘটনায় শুক্রবার রাতে আবু হানিফা আসাদুজ্জামান কেনুসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে নকলা থানায় মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, আসাদুজ্জামান কেনুসহ ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্র নিয়ে মাজারে ঢুকে ইটের দেয়াল, টিনের চাল ও পাকা মেঝে ভাঙচুর করেন।
এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন আবু হানিফা। এ ছাড়া মাজারের স্টিল ও বাঁশের তৈরি দানবাক্স ভেঙে টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।
ওসি রিপন চন্দ্র গোপ বলেন, মাজার ভাঙচুরের মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
