২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

পাশের বাড়িতে টিভি দেখতে গিয়েছিলো শিশুটি।

গোপালগঞ্জে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়া থানা

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2022, 06:41 PM

Updated : 19 Aug 2022, 06:41 PM

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১১ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুটির নানী বাদী হয়ে কোটালীপাড়া থানায় মামলা করেন।

মঙ্গলবার ঘটনা ঘটলেও এলাকার লোকজন সালিশের কথা বলে সময়ক্ষেপণের কারণে মামলা করতে দেরি হয়েছে বলে জানান বাদী।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এসআই জসীম উদ্দিন বলেন, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য গোপালগঞ্জ আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি মিন্টু শেখকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলায় বলা হয়, ঘটনার দিন শিশুটি প্রতিবেশী মিন্টু শেখের (৪৫) বাড়িতে টিভি দেখতে যায়। সেখান থেকে মিন্টু শেখ ওই শিশুকে ফুসলিয়ে বাড়ির অদূরে একটি পুকুর পাড়ে নিয়ে ধর্ষণ করেন।

শিশুটির নানী বলেন, “রাতে আমার নাতনী অসুস্থ হয়ে পড়ে। সে ইশারা ইঙ্গিতে আমাকে ধর্ষণ হওয়ার কথা জানায়। এরপর আমি যখন নাতনীর কাছে এ বিষয়ে জানতে চাই, তখন সে মিন্টুর কথা জানায়।”

“ঘটনার পর মিন্টু শেখ আমার নাতনীকে আমাদের বাড়ি নৌকায় করে নামিয়ে দিয়ে যায়।”

স্থানীয়রা জানান, কুদ্দুস শেখের ছেলে মিন্টু শেখ এ পর্যন্ত চারটি বিয়ে করেছেন। বর্তমানে তার দুইজন স্ত্রী রয়েছেন। তিনি পাঁচ সন্তানের জনক।

গ্রামের এক বাসিন্দা বলেন, মিন্টু খারাপ চরিত্রের মানুষ। সে আগেও এলাকায় এ ধরনের ঘটনা ঘটিয়েছে।