নেত্রকোণায় কৃষি জমি সুরক্ষা নিয়ে বারসিকের সংলাপ
জীব-বৈচিত্র্য ও পরিবেশ বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান বারসিক এ সংলাপের আয়োজন করে।
নেত্রকোণায় কৃষি জমি সুরক্ষা নিয়ে বারসিকের সংলাপে উঠে এসেছে নানা সুপারিশ, সম্ভাব্য করণীয় ও প্রস্তাবনা।
বুধবার শহরের মোক্তারপাড়ায় একটি হোটেলে এ সংলাপের আয়োজন করে জীব-বৈচিত্র্য ও পরিবেশ বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ-বারসিক।
আলোচকরা বলেন, উজানের ঢলের সঙ্গে ভেসে আসা বালুতে কৃষি জমি চাষের উপযুক্ততা হারাচ্ছে উদ্বেগজনক হারে। এ ছাড়া একান্নবর্তী পরিবারগুলো ভেঙে ছোট ছোট পরিবার হওয়ায় নতুন নতুন বাড়ি তৈরি করা হচ্ছে কৃষি জমিতে।
অপরিকল্পিত উন্নয়নের কারণে কৃষি জমি হারিয়ে যাওয়ার বিষয়টি উঠে আসে আলোচনায়।
বক্তরা বলেন, হাইব্রিড ও উচ্চফলনশীল ধান উৎপাদনে অতিরিক্ত কীটনাশক ব্যবহার, যথেচ্ছভাবে ভূগর্ভস্থ পানির ব্যবহারে জমির উপরিভাগের মাটির স্বাস্থ্য হানি হচ্ছে।
এসব সংকট সমাধানে কিছু সুপারিশও তুলে ধরা হয়।
উল্লেখযোগ্য সুপারিশের মধ্যে রয়েছে-ঢলের সঙ্গে ভেসে আসা বালু থেকে জমি রক্ষা, ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে আনতে নদী, খাল, বিল খনন কর্মসূচি নেওয়া।
এছাড়া সরকারের ডেল্টা প্লানের আওতা বাড়াতেও পরামর্শ দেন আলোচকরা। তারা বলেন, রাসায়নিক সারের অব্যবস্থাপনা দূর করতে হবে, ইটভাটাগুলো বন্ধ করতে হবে, চালকলগুলোর বর্জ্য সঠিক ব্যবস্থাপনার আওতায় নিতে হবে।
বারসিকের নেত্রকোণা অঞ্চলের সমন্বয়কারী অহিদুর রহমান বলেন, “এত দিন পর্যন্ত পাহাড়, হাওরাঞ্চল, সমতল, শহর, প্রশাসনের লোকজন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন, রাজনৈতিক সংগঠনের লোকজনের সাথে আটটি সংলাপ করা হয়েছে।
“এতে অন্তত দেড়শ মানুষ তাদের সুপারিশ তুলে ধরেছেন কৃষি জমি সুরক্ষা নিয়ে। আমরা এসব সুপারিশ সরকারের সংশ্লিষ্ট উচ্চমহলে তুলে ধরব।”
সংলাপে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও গবেষক আরশুজ্জামান খান।
এ আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লেখক আজহারুল ইসলাম, ফসলের হাসপাতাল চালানো কৃষক আবুল কালাম, সংস্কৃতিজন মোস্তাফিজুর রহমান, সাইফুল্লাহ এমরানসহ অন্যরা।
