বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
এ ছাড়া আসামিকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।
বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় ঘোষণা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নাসিমুল করিম হলি জানান।
পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যা অনাদায়ে তাকে আরও ৬ মাসের সশ্রম কারাবাসে থাকতে হবে।
দণ্ডপ্রাপ্ত আবু বক্কর (৩০) বগুড়া ধুনট উপজেলার শৈলমারী গ্রামের প্রয়াত হবিবর আকন্দের ছেলে।
রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন।
মামলার নথির বরাতে নাসিমুল করিম বলেন, আসামি একজন নেশাগ্রস্ত ভবঘুরে। ২০১৫ সালের ১২ অক্টোবর নেশাগ্রস্ত অবস্থায় রাত ১০টার দিকে বৃদ্ধাকে মা (৫৮) ভাত দেওয়ার জন্য ডাকেন আবু বক্কর।
তখন ছেলেকে নিজেই ভাত নিয়ে খেতে বলেন মা। এ নিয়ে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আবু বক্কর পাশে থাকা একটি গাছের ডাল দিয়ে তার মায়ের মাথায় আঘাত করেন। এতে বৃদ্ধা জ্ঞান হারান। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরদিন সেখানে ওই বৃদ্ধার মৃত্যু হয়।
এ ঘটনায় আবু বক্করের বড় ভাই শাহ আলম বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। একই বছরের ১৬ অক্টোবর আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আরও জানান, গ্রেপ্তারের পর থেকে আবু বক্কর কারাগারেই ছিলেন।
