যশোরে মাঠে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে ছাত্রের মৃত্যু
সজিব জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে মাঠে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে যান বলে জানায় পুলিশ।
যশোরে চৌগাছা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার হাজরাখানা গ্রামের পশ্চিম মাঠে এ ঘটনা ঘটে বলে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ জানান।
মৃত সজিব হোসেন (২৫) ওই গ্রামের আব্দুস সুবহানের ছেলে। তিনি যশোর সরকারি এমএম কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান মিলন বলেন, সকালে সজিব মাঠে নিজেদের জমিতে কাজ শেষে বাড়িতে ফিরছিলেন। পথে স্থানীয় আব্দুল লতিফের বাড়ির সামনে মাঠে পড়ে থাকা বৈদ্যুতিক তারে তার পা জড়িয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।
হাসপাতালে আনার আগেই সজিবের মৃত্যু হয়েছে বলে আবাসিক মেডিকেল অফিসার আল-ইমরান জানান।
পরিবারের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি সাইফুল।
