২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে স্কুলছাত্রকে অপহরণের পর ‘মুক্তিপণ দাবি’

অপহরণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে জিডি করার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2023, 08:59 PM

Updated : 05 Jun 2023, 09:00 PM

কক্সবাজারের টেকনাফে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের পর মোটা অংকের মুক্তিপণ চাওয়ার কথা জানিয়েছেন স্বজনরা।

স্বজনদের অভিযোগ, অপহরণকারীরা মোবাইল ফোনে ওই স্কুলছাত্রকে ছেড়ে দিতে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

আর পুলিশ বলছে, অপহরণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে জিডি করার পর তারা প্রয়োজনীয় ব্যবস্থার উদ্যোগ নিয়েছে।

অপহৃত ৮ বছর বয়সি এই শিশুর বাড়ি টেকনাফের হ্নীলা ইউনিয়নে।

এই শিশুর বাবার অভিযোগ, রোববার সকালে অন্য সহপাঠীদের সঙ্গে স্কুলে যায় তার ছেলে। দুপুরে স্কুল ছুটির পর সবাই বাড়ি ফিরে এলেও সে আসেনি। পরে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি।

“রাতে মোবাইল ফোনে আমাকে জানায় অপহরণ করা হয়েছে। তাকে ছেড়ে দিতে দুর্বৃত্তরা ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় মুক্তিপণ না দিলে আমার ছেলেকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকিও দেওয়া হয়।”

পরে এ বিষয়টি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের কাছে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

টেকনাফ থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, রোববার রাতে ভুক্তভোগী স্কুলছাত্রের বাবা তার ছেলে নিখোঁজ দাবি করে জিডি করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত ২৮ এপ্রিল পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার হন কক্সবাজার চৌফলদণ্ডী উত্তরপাড়ার মোহাম্মদ আলমের ছেলে জমির হোসেন রুবেল ও তার দুই বন্ধু ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়া এলাকার মোহাম্মদ ইউছুপ ও কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান।

পরে গত ২৪ মে টেকনাফ পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে গলিত মরদেহ তিনটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা এখন পুলিশের রিমান্ডে রয়েছে।

গত শুক্রবার লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে পাঁচজনকে অপহরণ করা হয়। শনিবার রাতে তাদের মধ্যে একজনের হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে ফেলে ওই হাতসহ তাকে ফেরত পাঠায়। অপর চারজনের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছে অপহরণকারীরা। 

পুরনো খবর

পুরনো খবর:

টেকনাফে কব্জি কেটে কিশোরকে ফেরত, বাকি ৪ রোহিঙ্গার ‘মুক্তিপণ’ দাবি
টেকনাফে অপহরণের ২৫ দিন পর পাহাড়ে মিলল ৩ বন্ধুর লাশ