Published : 16 Sep 2026, 05:36 PM
নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি টেক্সটাইল ও একটি ডাইং কারখানাকে বায়ু দূষণের দায়ে আড়াই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে ফতুল্লার সস্তাপুর এলাকায় এ অভিযান চালানো হয় বলে সংস্থাটির নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ জানান।
তিনি বলেন, বায়ু দূষণের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সস্তাপুরের মেসার্স রহমত টেক্সটাইলস মিলসকে ২ লাখ টাকা ও একই এলাকার এসকে ডাইং অ্যান্ড ফিনিশিং মিলসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ৮ (ক) ধারা লঙ্ঘন করায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫ (২) অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার।
অভিযানে প্রসিকিউশনে থাকা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম বলেন, “পরিবেশগত ছাড়পত্র ছাড়াই প্রতিষ্ঠান দুটি কার্যক্রম চালিয়ে আসছিল। বায়লারে গ্যাস ব্যবহারের কথা থাকলেও কাঠ ও ঝুট পোড়ানো হচ্ছিল, যার জন্য বন অধিদপ্তরের অনুমতিপত্রও তাদের ছিল না। উন্মুক্তভাবে কালো ধোঁয়া ছাড়ায় আবাসিক এলাকায় বায়ু দূষিত হচ্ছিল।”
অভিযানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা সহায়তা করেন বলে পরিবেশ অধিদপ্তর জানায়।