১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বোরোর বাম্পার ফলন হয়েছে, চাল আমদানি করতে হবে না: খাদ্যমন্ত্রী

“কৃষককে তার ন্যায্যমূল্য না দিলে একসময় উৎপাদন বন্ধ হয়ে দেশব্যাপী হাহাকার সৃষ্টি হতে পারে।“

বোরোর বাম্পার ফলন হয়েছে, চাল আমদানি করতে হবে না: খাদ্যমন্ত্রী

মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা সার্কিট হাউজ মিলনায়তনে মতবিনিময় সভায় বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন মজুমদার।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2023, 06:58 PM

Updated : 20 Jun 2023, 06:58 PM

চলতি বোরো মৌসুমে বাম্পার ফলন হওয়ায় এবার বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেছেন, “দেশবাসী নিশ্চিন্তে থাকতে পারেন যে, এবার বাংলাদেশে খাদ্যের কোনো অভাব নেই এবং দুর্ভিক্ষ হবে না। এটা গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি।”

সরকার স্বল্প ও নিম্নবিত্তের এক কোটি মানুষের জন্য টিসিবির মাথ্যমে চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মন্ত্রী।

মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ জেলা সার্কিট হাউজ মিলনায়তনে চলমান বোরো সংগ্রহ-২০২৩ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাধন মজুমদার এসব কথা বলেন।

কেউ চাল মজুত করে বাজারে সমস্যা ও আতঙ্ক সৃষ্টি করতে না পারে সেজন্য কঠোর আইন হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, তাছাড়া মিল মালিকরা যেন দুবারের বেশি চাল ছাঁটাই না করতে পারে সেজন্যও আইন করা হচ্ছে।

তিনি বলেন, “কৃষককে তার ন্যায্যমূল্য না দিলে একসময় উৎপাদন বন্ধ হয়ে দেশব্যাপী হাহাকার সৃষ্টি হতে পারে। তাই কৃষকদের ন্যায্যমূল্য প্রাদানের দিকেও সরকার সচেতন রয়েছে।”

কৃষকের কাছ থেকে ধান ক্রয় সহজ করতে অ্যাপস চালু করা হয়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, সেখানে নিবন্ধন করলে সরকারি লোক কৃষকের বাড়ি গিয়ে ধান পরীক্ষা করে কেনার প্রক্রিয়া শুরু করবে। 

জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মসদ আব্দুস সাত্তার।