‘পুলিশ কমিশনার ১০ ডিসেম্বর ঢাকার আইনশৃঙ্খলা রক্ষা করবেন’
বিএনপি বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় এসেছে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আগামী ১০ ডিসেম্বর ঢাকার আইনশৃঙ্খলা রক্ষায় যা করা দরকার পুলিশ কমিশনার তা-ই করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের অনুষ্ঠান এগিয়ে এনে বিএনপির জন্য সোহরাওয়ার্দী উদ্যান খালি করে দিয়েছেন। সার্বিক বিবেচনায় পুলিশ কমিশনার সেখানে সমাবেশের অনুমতি দিয়েছেন।”
শনিবার দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রায় দেড় একর জমিতে সোয়া ৮ কোটি টাকা ব্যয়ে থানা ভবনটি নির্মাণ করেছে গণপূর্ত বিভাগ।
উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, স্থানীয় সংসদ সদস্য মো. আবু জাহির, আব্দুল মজিদ খান, সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এসএম মুরাদ আলি ছিলেন।
সাংবাদিকদের সামনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিএনপি নাকি সেদিন লাখ লাখ লোক নিয়ে আসবে। ঢাকাকে অচল করে দেবে। বিএনপির মুখপাত্র বলেছেন, ওখান থেকেই তারা নাকি সরকার পতনের ডাক দেবেন।”
বিএনপি বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় এসেছে মন্তব্য করে তিনি বলেন, “সেজন্যই তারা নানা ধরনের ফন্দি-ফিকির, ষড়যন্ত্রের চিন্তা করে। কিন্তু আওয়ামী লীগ তা কখনই করে না।”
