মুন্সীগঞ্জে সাপ আতঙ্কে বন্ধ হলো কমিউনিটি ক্লিনিক
দ্রুত ক্লিনিকটিকে সাপমুক্ত না করলে সেবা কার্যক্রম ব্যাহত হবে বলে আশঙ্কা এলাকাবাসীর।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ‘বিষধর’ সাপের আতঙ্কে একটি কমিউনিটি ক্লিনিকের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
সম্প্রতি উপজেলার বাসাইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর রাঙ্গামালিয়া কমিউনিটি ক্লিনিকে সাপের উপদ্রব দেখা দিলে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে ক্লিনিকটির সিএইচসিপি কল্পনা আক্তার জানান।
এতে স্বাস্থ্য সেবা চরমভাবে ব্যাহত হবে বলে এলাকাবাসী জানায়।
খোঁজ নিয়ে জানা যায়, কয়েক দিন ধরে ক্লিনিকটির ভেতর চার-পাঁচটি করে সাপ দেখা যাচ্ছিল। গত রোববার সেখানে অন্তত সাতটি সাপের দেখা মেলে। পরে স্থানীয়দের হাতে সেগুলো মারা পড়ে।
সোমবার ক্লিনিক থেকে আরো তিনটি সাপ বের হতে দেখেন পাশে থাকা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকরা। এতে ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি, সেবা নিতে আসা রোগী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সোমবার ক্লিনিকটির সিএইচসিপি বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুমান আরা জানান।
তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লিনিকের ভেতর সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।
ক্লিনিকটিতে নিয়মিত সেবা নিতে আসা মিম আক্তার, আলো বেগম, হাবিবা, সিরাজুল হক, নিলুফা ও সায়না বেগমসহ আরো কয়েকজন জানান, তারা ছোটখাটো রোগের সেবা এখানেই পেয়ে থাকেন।
কিন্তু সাপের ভয়ে এখন সেখানে যেতে পারছেন না।
দ্রুত ক্লিনিকটিকে সাপমুক্ত না করলে সেবা কার্যক্রম ব্যাহত হবে বলে আশঙ্কা এলাকাবাসীর।
ক্লিনিকের সিএইচসিপি কল্পনা আক্তারের ভাষ্য, প্রতিদিন এখানে সাপ দেখা যায়। সে জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশে ক্লিনিকের ভেতরে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়ে অন্য জায়গা থেকে সেবা দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুমান আরা বলেন, “ক্লিনিকের সিএইচসিপি বিষয়টি আমাকে জানালে আমি জেলা সিভিল সার্জনকে জানাই। সিভিল সার্জন পাশের কাছারিতে রোগীদের সেবা দিতে বলেছেন।”
