২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ সহপাঠীদের

এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুপাশের অন্তত দশ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে বেলা ২টা ২০ মিনিট থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2022, 03:33 PM

Updated : 29 Oct 2022, 04:06 PM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার মুরাদনগর উপজেলায় ট্রাকচাপায় নবম শ্রেণীর এক ছাত্রী প্রাণ হারিয়েছে।

শনিবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার গোমতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কুমিল্লার সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল জানিয়েছেন।

এ ঘটনায় শিক্ষার্থীরা এবং স্থানীয় বিক্ষুব্ধ লোকজন মহাসড়কে নিহত ছাত্রীর লাশ রেখে উভয়মুখী রাস্তা অবরোধ করে রাখে দীর্ঘ আড়াই ঘণ্টা।

এতে দুপাশের অন্তত দশ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা। পরে বেলা ২টা ২০ মিনিট থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

নিহত ১৫ বছর বয়সী সাদিয়া আক্তার চান্দিনা উপজেলার তীরচর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে এবং মুরাদনগরের গোমতা ইশফিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলো।

মহাসড়ক অবরোধ করে রাখা শিক্ষার্থীরা জানায়, শনিবার স্কুল বন্ধ থাকলেও বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায় সাদিয়া। পড়া শেষে বাড়ি ফেরার পথে মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ হয়ে সহপাঠী ও স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে।

নোমান বিন আশ্রাফ নামে প্রত্যক্ষদর্শী এক বাস যাত্রী বলেন, “ঢাকা থেকে কুমিল্লার দিকে ফিরছিলাম। মেয়েটা রাস্তা পার হওয়ার সময় বিপরীতমুখী লেনে বেপরোয়া গতির একটি ট্রাক চাপা দেয়। এ সময় তার মাথার ওপর দিয়ে বাসের চাকা চলে যায়। এরপর আমাদের বাসসহ সব গাড়ি বন্ধ করে দেয় স্থানীয়রা।”

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই প্রেমধন মজুমদার বলেন, “ঘটনার পর থেকে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করতে শুরু করেন। মেয়েটাকে চাপা দেওয়া ট্রাকটি আমাদের হেফাজতে আছে। তবে চালক সঙ্গে সঙ্গে পালিয়ে গেছে।”

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, দীর্ঘক্ষণ চেষ্টার পর অবরোধকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হলেও অনেক গাড়ির জট লেগে যাওয়ায় কারণে চলাচলে কিছুটা ধীরগতি রয়েছে।