মাগুরায় আওয়ামী লীগ নেত্রীর ডিজিটাল আইনের মামলায় যুবক গ্রেপ্তার
ফেইসবুকে আপত্তিকর ও মানহানীকর পোস্ট দেওয়ার অভিযোগ করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান।
মাগুরার মহম্মদপুর উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সস্পাদক মোছা. বেবী নাজনীন বৃহস্পতিবার রাতে মামলাটি করেন বলে জানিয়েছেন মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায়।
গ্রেপ্তার ৩৫ বছর বয়সী তানভীর রহমান রাজু সদরের জাঙ্গালিয়া গ্রামের মৃত আবুল হোসেন মোল্যার ছেলে। তিনি পেশায় একজন ইটভাটা ব্যবসায়ী।
ওসি বলেন, “বেশ কিছু দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে বেবী নাজনীনের বিরুদ্ধে আপত্তিকর ও মানহানীকর পোস্ট দিয়ে আসছিলেন রাজু। এ ঘটনায় তিনি রাজুসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।”
“রাতেই রাজুকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।”
মামলার বাদী বেবী নাজনীন বলেন, “রাজু ফেইসবুকে দীর্ঘদিন ধরে আমার নামে মিথ্যা তথ্য-উপাত্ত প্রচার করে আসছেন। এ কাজ থেকে তাকে বিরত থাকতে সামাজিক ও পারিবারিকভাবে বহুবার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। পরে তার নামে মামলা করতে বাধ্য হই।”
