২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

দোষীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

প্রতীকী ছবি

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2023, 12:10 AM

Updated : 16 Jun 2023, 12:10 AM

চাঁদপুরের হাইমচরে শিশু ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী এ রায় দেন বলে ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) খোরশেদ আলম শাওন জানান।

এ ছাড়া দোষীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে; যা অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাবাসে থাকতে হবে।

দণ্ডপ্রাপ্ত শাহ আলম (২৮) চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের মো. ফারুক মোল্লার ছেলে; তিনি পলাতক।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ১৬ জুন রাতে শাহ আলম শ্বশুরবাড়ি যান। এর আগই তার স্ত্রী সেখানে বেড়াতে যান। কিন্তু ঘটনা রাতে স্ত্রী তার মামাবাড়ি ছিলেন।

মামলায় আরও বলা হয়, ওই রাতে শাহ আলম শ্বশুরবাড়ির একটি শিশুকে তুলে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করেন। সে সময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে গেলে শাহ আলম পালিয়ে যান।

সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরদিন শিশুটির নানা থানায় মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পান হাইমচর থানার তৎকালীন এসআই আবদুল হালিম সরকার। তিনি ২০১৪ সালের ৩০ অগাস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালতে আসামি পক্ষে আইনজীবী ছিলেন হান্নান কাজী।