২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি

“এবার বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রার 'মোটিফ' তিনটি; একটি পায়রা অন্য দুটি টেপা পুতুল”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মঙ্গল শোভাযাত্রার সাজ-সজ্জার কাজ করছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2023, 10:06 PM

Updated : 12 Apr 2023, 10:06 PM

বাংলা নববর্ষকে বরণ করে নিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বিশ্ববিদ্যালয়ের বৈশাখ উৎযাপন কমিটির এবারের প্রতিপাদ্য 'বরিষ ধরা-মাঝে শান্তির বারি'। 

এবার মঙ্গল শোভাযাত্রার সাজ-সজ্জা কমিটির আহ্বায়ক চারুকলা বিভাগের সভাপতি ফারহানা তাবাসসুম। 

তিনি বলেন, "পহেলা বৈশাখের আয়োজন মূলত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে করা হয়েছে। চারুকলা বিভাগ সেখানে মঙ্গল শোভাযাত্রার সাজ-সজ্জার দায়িত্ব নিয়েছে। আমাদের কাজ প্রায় শেষ; শিক্ষার্থী ও শিক্ষকরা প্রচুর পরিশ্রম করেছেন। বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধের মধ্যেও পহেলা বৈশাখ উৎযাপন হবে এটা ভেবে আমরা আনন্দিত। 

"এবার বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রার 'মোটিফ' তিনটি। একটি হচ্ছে পায়রা; অন্য দুটি টেপা পুতুল।" 

বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে পুরোদমে চলছে প্রস্তুতি। সেখানে ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা ব্যস্ত মঙ্গল শোভাযাত্রার আয়োজন নিয়ে। ভবনের সামনেই বিশালাকার পয়ারার কাঠামো তৈরিতে ব্যস্ত কয়েকজন। 

জিজ্ঞাস করলে চারুকলা বিভাগের শিক্ষার্থী খাদিজা লিমা বলেন, "কবুতর শান্তির প্রতীক। দেশে দেশে যে হানাহানি, যুদ্ধ-বিগ্রহ, দারিদ্রতা, অসাম্য এসব বন্ধের লক্ষ্যে পায়রাকে শান্তির প্রতীক হিসেবে দেখানো হয়েছে। 

“আমরা মাটিতেই বড় হয়েছি। আমাদের সঙ্গে এই মাটির অনেক যোগসূত্র আছে। মোটিফ হিসেবে পোড়া মাটির টেপা পুতুল দুটোকে বাংলা লোকশিল্পের ঐতিহ্য হিসেবে তুলে ধরা হয়েছে।" 

এরপর ভবনের ভেতরে ঢুকতেই দেখা যায়, ‘নববর্ষ হাট ১৪৩০' নিয়ে বসেছে চারুকলার একদল শিক্ষার্থী। সেখানে বিক্রি হচ্ছে নানা রঙের মুখোশ, নকশা করা মাটির সরা। এ ছাড়া কাগজে কাটা ফুল-পাখিও বিক্রি করছেন তারা। 

আরেকটু ভেতরে ঢুকতে দেখা যায় বিশালাকৃতির কয়েকটি ঘোড়া সাজিয়ে রাখা হয়েছে। 

চারুকলা বিভাগের ক্লাসরুমগুলোতে ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা মনের মাধুরী মিশিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। কেউ মুখোশ কাটছেন, কেউ সেটায় রং করছেন। অনেকেই মাটির পাতিল বা সরায় নকশা করছেন। তাদেরই একজন চারুকলার শিক্ষার্থী বুশরা। 

তিনি বলেন, "আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করে যাচ্ছি, পরিশ্রম করছি; এটা সত্যিই আনন্দের। ক্যাম্পাস বন্ধ থাকার পরও বর্ষবরণ অনুষ্ঠান করতে পেরে আমরা উচ্ছ্বসিত।" 

এবারের বিশ্ববিদ্যালয়ের পহেলা বৈশাখের শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন সুরাইয়া খান। যিনি স্পেশাল নিডস্ এডুকেশন সেন্টারের (আনন্দশালা) শিক্ষার্থী।   

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কর্মসূচি 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত বর্ষবরণ ও পহেলা বৈশাখ ১৪৩০ উৎযাপন সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

শুক্রবার সকাল পৌনে ১০ টায় কর্তৃপক্ষের উদ্যোগে বিভিন্ন অনুষদ, বিভাগ, অফিস, হল, বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং মহিলা ক্লাব ও ক্যাম্পাসবাসীর অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ ভবন থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রে গিয়ে শেষ হবে। 

এর আগে সকাল সোয়া ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত থাকছে বিশ্ববিদ্যালয় ক্লাবে উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিমিয় হবে। 

কর্তৃপক্ষের নির্দেশনা 

এবারের পহেলা বৈশাখে কিছু নির্দেশনা রাখা হয়েছে। এর মধ্যে- 

* পহেলা বৈশাখের দিন দাপ্তরিক কাজে নিয়োজিত ব্যক্তিরা ক্যাম্পাসে মোটরসাইকেল নিয়ে আসতে পাবেন না। 

* ওই দিন বহিরাগত প্রাইভেট গাড়ি চলাচল সীমিত রাখা হবে এবং কেন্দ্রীয় মসজিদের পশ্চিমে ও বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজের মাঠে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হবে। 

* এ বছর নববর্ষের মঙ্গল শোভাযাত্রার একটি মাত্র ব্যানার থাকবে। 

* পহেলা বৈশাখে কোনো রং ছিটানো যাবে না। কেউ রং ছিটালে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 

* মুখোশ পরে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করা যাবে না, তবে মুখোশ হাতে নেওয়া যাবে। 

* বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির সাথে সমন্বয় করে বিভিন্ন অনুষদ, বিভাগ, হল ও অফিস নিজ নিজ উদ্যোগে পহেলা বৈশাখ উৎযাপনের কর্মসূচি পালন করবে। 

* ঢাকা শহরে অবস্থানরত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য ক্যাম্পাসে আসা যাওয়ার জন্য যানবাহনের ব্যবস্থা করা হবে। বাস প্রচলিত রুটে ছেড়ে আসবে।